২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি চাপ ঝেড়ে ফেলুন : আফগানিস্তানকে মনমোহন

বিদেশি চাপ ঝেড়ে ফেলতে আফগানিস্তানের প্রতি অনুরোধ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2011, 08:32 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

কাবুল, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিদেশি চাপ ঝেড়ে ফেলতে আফগানিস্তানের প্রতি অনুরোধ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। তবে আফগানিস্তানের সঙ্গে ভারতের ক্রমশঃ দুর্বল হয়ে আসা সম্পর্ক পুনরুজ্জীবিত করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন তিনি। পাশাপাশি তালেবান নেতৃত্বাধীন জঙ্গিদের সাথে আফগান সরকারের বিরোধ মিটিয়ে ফেলার পরিকল্পনাকে সমর্থন জানিয়েছেন তিনি। কাবুলে দুই দিনের সফরের শেষ দিন শুক্রবার আফগান পার্লামেন্টে এসব কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী। ভারত ও আফগানিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নবায়নই ছিল এ সফরের উদ্দেশ্য। পার্লামেন্টে মনমোহন বলেন, জনতার প্রতিনিধি হিসেবে বাইরের কোনো হস্তক্ষেপ বা চাপ ছাড়াই দেশের ভবিষ্যত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদেরই। এসময় সেখানে উপস্থিত ছিলেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে কোনঠাসা করাও মনমোহনের এ সফরের আরেক উদ্দেশ্য। পাকিস্তান তার প্রতিবেশী দেশ আফগানিস্তানে স্থিতিশীলতার বিষয়ে কেন্দ্রীয় ভূমিকা পালন করতে বেশ আগ্রহী। গত মাসে আফগানিস্তানের যেকোনো শান্তি আলোচনায় পাকিস্তানকে একটি আনুষ্ঠানিক ভূমিকা দেওয়ার ব্যাপারে একমত হয় কাবুল ও ইসলামাবাদ। ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত তিন বার ভারত ও পাকিস্তান পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছে। এর আগে আফগানিস্তানের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে ৫০ কোটি ডলার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণঅ দেয় ভারত। আফগানিস্তানকে পর্যায়ক্রমে মোট ২০০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দেন মনমোহন। বর্তমানে আফগানিস্তানের সবচেয়ে বড় আঞ্চলিক দাতা দেশ হচ্ছে ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪২৯ ঘ.