২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রযুক্তির কল্যাণে মানবাধিকারের লড়াইয়ে নতুন মাত্রা: অ্যামনেস্টি

স্বাধীনতা ও ন্যায়বিচারের দাবিতে গণ আন্দোলনের জোয়ার বইছে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকাজুড়ে। এ জোয়ারে সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোর ভূমিকা মানবাধিকার পরিস্থিতির উন্নতিতে এক নজিরবিহীন সুযোগ এনে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2011, 06:53 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

লন্ডন, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--স্বাধীনতা ও ন্যায়বিচারের দাবিতে গণ আন্দোলনের জোয়ার বইছে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকাজুড়ে। এ জোয়ারে সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোর ভূমিকা মানবাধিকার পরিস্থিতির উন্নতিতে এক নজিরবিহীন সুযোগ এনে দিয়েছে। কিন্তু বিভিন্ন দেশের নির্যাতক শাসকদের ক্ষমতা ধরে রাখার প্রাণান্তকর চেষ্টার কারণে নতুন ধারার এই আন্দোলনের মধ্য দিয়ে মানবাধিকার পরিস্থিতির ঐতিহাসিক এই পরিবর্তন সাফল্য-ব্যর্থতার এক ঝুঁকির মধ্যে রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের ৫০ তম বার্ষিকীর প্রাক্কালে শুক্রবার প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে একথা বলেছে। "বিশ্বে দমনপীড়নের বিরুদ্ধে অ্যামনেস্টি ৫০ বছর আগে আলোকপাত করা শুরুর পর থেকে মানবাধিকার আন্দোলন এখন এক ঐতিহাসিক পরিবর্তনের দ্বারপ্রান্তে পৌঁছেছে", বলেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব সলিল শেঠী। জনগণ ভয়ভীতি উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ আন্দোলনের নেতৃত্বে আছে সাহসী মানুষ, বিশেষত তরুণরা। বুলেট, পুলিশের লাঠিচার্জ, টিয়ারগ্যাস, ট্যাংকের তোয়াক্কা না করে নির্বিকার চিত্তে নিজেদের অধিকারের কথা বলছে। তাদের এই সাহসের সঙ্গে যোগ হয়েছে নতুন প্রযুক্তির সুবিধা। নতুন প্রযুক্তির কল্যাণে তারা বাক স্বাধীনতার দাবি এবং শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে সরকারের কঠোর দমনপীড়নের চিত্র প্রকাশ করে অগণিত মানুষের সমর্থন আদায়ে সক্ষম হচ্ছে। আর এতে করে নিপীড়ক সরকারকে তারা এ ইঙ্গিতই পাঠাচ্ছে যে তাদের দিন ফুরিয়ে আসছে। কিন্তু নিপীড়ক শাসকরা মারাত্মক পাল্টা ব্যবস্থা নিয়ে চড়াও হচ্ছে মানবাধিকার রক্ষার এ অগ্রযাত্রা রুখতে। সামরিক শক্তি দিয়ে বিক্ষোভ দমন করা ছাড়াও তারা যোগাযোগ ও নেটওয়ার্কিং প্রযুক্তির রাশ টেনে ধরতেও তৎপর হচ্ছে। বন্ধ করে দিতে চাইছে অবাধ তথ্যপ্রবাহ। যেমনটি দেখা গেছে তিউনিসিয়া, মিশরে। সরকার ইন্টারনেটে তথ্যপ্রবাহ বন্ধ করে দেওয়াসহ মোবাইল ফোন নেটওয়ার্কও বন্ধ করে দেওয়ার চেষ্টা চালিয়েছে। কিন্তু সবকিছু উপেক্ষা করে চলমান গণআন্দোলনে কয়েকটি দেশে প্রেসিডেন্টের দীর্ঘ শাসনের পতন ঘটেছে। যেমনটি দেখা গেছে তিউনিসিয়া এবং মিশরে। তবে কয়েকটি দেশের সরকার এখনো কিছু রাজনৈতিক ছাড় দিয়ে এবং শক্তি প্রয়োগ করে গণআন্দোলন ঠেকিয়ে রাখার শেষ চেষ্টা চালাচ্ছে। মানবাধিকারের সুরক্ষায় অ্যামনেস্টির যাত্রা শুরুর পর ৫০ বছরে মানবাধিকার রক্ষায় বিপ্লব ঘটে গেছে। ন্যায়বিচার, স্বাধীনতা এবং মার্যাদার জন্য লড়াই এখন বিশ্বেব্যাপী মানুষের দাবিতে পরিণত হয়েছে। দিন দিনই তা আরো জোরদার হচ্ছে। সব অচলায়তন ভেঙে অধিকার রক্ষায় সোচ্চার হয়েছে মানুষ। কোনো অপশক্তিই এ প্রতিবাদ রুখে দিতে পারবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এএইচ/এইচএ/০০৩৩ ঘ.