জেনেভা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনীর হামলায় এ পর্যন্ত ৭শ'রও বেশি মানুষ নিহত হয়েছে বলে বৃহস্পতিবার দাবি করেছে ইন্টারন্যাশনাল কমিশন অব জুরিস্টস (আইসিজে)।
বিশ্বের বিভিন্ন দেশের বিচারক এবং জ্যেষ্ঠ আইনজীবীদের জেনেভাভিত্তিক এ সংগঠনের বিবেচনায়, আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিকদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলা অপরাধের পর্যায়ে পড়ে।
সংগঠনটি বলছে, বিভিন্ন মানবাধিকার কর্র্মী ও আইনজীবীদের মাধ্যমে সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সহিংসতার তথ্য তাদের কাছে এসেছে। বিক্ষোভ শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই সিরিয়ায় বিদেশি সাংবাদিকদের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করার ফলে এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছে।
এক বিবৃতিতে আইসিজে জানায়, গত ১৫ মার্চ দেরা, হোমস, বানিয়াস ও অন্যান্য শহরে বিক্ষোভ শুরু হওয়ার পর বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলায় ৭শ'রও বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়াও নিখোঁজ হয়েছে হাজার হাজার মানুষ।
এতে আরো বলা হয়, আইসিজে এ ব্যাপারে নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছে যে, নিহতদের লাশ দিনের পর দিন রাস্তায় ফেলে রাখা হচ্ছে। আহতদের হাসপাতালে বা অন্য কোনো উপায়ে চিকিৎসা নিতে বাধা দেওয়া হচ্ছে।
এছাড়া দেশ ছাড়ার প্রস্তুতি নেওয়া অনেক মানুষকে খুঁজে বের করে দেশেই থেকে যেতে বাধ্য করা হচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়।
আইসিজে সেক্রেটারি জেনারেল উইল্ডার টাইলার বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভের বিরুদ্ধে সিরীয় সরকার সশস্ত্র বাহিনী ও ট্যাঙ্ক ব্যবহার করে মানুষের ওপর হামলা চালাচ্ছে।
তিনি আরো বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তাদের নীতিমালার ধারা অনুযায়ী সিরিয়ার ওপরে অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা, এমনকি সামরিক অভিযানও পরিচালনা করতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৫০৪ ঘ.
bdnews24