২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওসামা হত্যার 'প্রতিশোধ' হামলায় পাকিস্তানে নিহত ৮০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর শাবকদরে আধাসামরিক বাহিনীর একটি একাডেমির বাইরে তালেবানের আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। তালেবানরা এ হামলার দায় স্বীকার করেছে। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2011, 05:48 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

পাকিস্তান, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর শাবকদরে আধাসামরিক বাহিনীর একটি একাডেমির বাইরে তালেবানের আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। তালেবানরা এ হামলার দায় স্বীকার করেছে। তালেবান মুখপাত্র এহসানুল্লাহ এহসান অজ্ঞাতস্থান থেকে টেলিফোনে বলেছেন, "এটি ওসামা বিন লাদেন হত্যার প্রথম প্রতিশোধ। এ ধরনের হামলা আরো চলবে।" তিনি বলেন, "আমরা আগেও ঐক্যবদ্ধ ছিলাম, আমাদের লক্ষ্য এক। আর আমাদের শত্রুও এক। সব মুজাহিদীনসহ আল কায়েদা, তালেবানরা ওসামা বিন লাদেনের মৃত্যুর প্রতিশোধ নেবে।" আগের খবরে শুক্রবারের হামলায় নিহতের সংখ্যা প্রথমে ৬৯ জন ও পরববর্তী সময়ে তা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে বলে জানানো হয়। জানা গেছে, একজন হামলাকারী মটরসাইকেলে চড়ে এসে প্রথম বোমাটির বিস্ফোরণ ঘটায়। এটি ছিল আত্মঘাতী হামলা। বিস্ফোরিত অপর বোমাটি আগে থেকেই পেতে রাখা হয়েছিল। গত ২ মে ভোররাতে পাকিস্তানের সেনা শহর অ্যাবোটাবাদের একটি বাড়িতে মার্কিন কমান্ডো অভিযানে আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন নিহত হন। এরপর তালেবানসহ বেশকিছু জঙ্গি গোষ্ঠী বিন লাদেন হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল। জানা গেছে, সদ্য প্রশিক্ষণ নেওয়া নিরাপত্তা বাহিনীর সদস্যরা শুক্রবার সকালে একাডেমির বাইরে বাসের জন্য অপেক্ষা করছিলেন। ঠিক সেই মুহূর্তে এই হামলা চালানো হয়। আহমেদ আলি নামে সদ্য প্রশিক্ষণগ্রহণকারী নিরাপত্তা বাহিনীর একজন সদস্য বলেন, "আমি একটি ভ্যানের ভেতরে উঠে আমার সহকর্মীদের জন্য অপেক্ষা করছিলাম। আমাদের সবাই সাধারণ পোশাকে উৎফুল্ল মেজাজে ছিলাম, কেননা আমরা আমাদের পরিবারের সঙ্গে মিলিত হয়ে যাচ্ছি।" "ঠিক সেই মুহূর্তে আমি শুনতে পেলাম, কেউ একজন "আল্লাহু আকবার" বলে চিৎকার দিয়ে উঠেছে। আর তার পরমুহূর্তেই প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পাই সেই সঙ্গে আমার ঘাড়ে কোনোকিছুর আঘাত অনুভব করি। প্রায় একই সময় আমি অপর একটি বিস্ফোরণের শব্দ শুনে ভ্যান থেকে লাফিয়ে বাইরে পড়ি এবং অনুভব করি আমি আহত হয়েছি।" নিহতদের অধিকাংশই একাডেমিতে প্রশিক্ষণ শেষে বাড়ি ফিরছিলেন। এতে বেশ কয়েকজন সাধারণ মানুষও হতাহত হয়েছেন বলে কর্মকর্তারা জানান। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলটি ঘিরে রেখেছে। বিস্ফোরণে বেশ কয়েকটি যান-বাহনও ধ্বংস হয়েছে। আফগান সীমান্তবর্তী শাবকদর শহরটি পেশোয়ারের ২২ মাইল উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রায়ই তালেবান জঙ্গিদের হামলার শিকার হয়। কিন্তু শুক্রবারের হামলা চলতি বছরের সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী হামলা। বিন লাদেনের মৃত্যুর এক সপ্তাহ পেরুতে না পেরুতেই বড় ধরনের এ জঙ্গি হামলা এটাই প্রমাণ করেছে যে, তার মৃত্যুতে তালেবানরা দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা নেই। বিন লাদেন আত্মগোপোনে চলে যাওয়ার পর থেকেই আল কায়েদা আফগান সীমান্তবর্তী পশতুন আদিবাসী এলাকায় তালেবানদের সঙ্গে হাত মিলিয়েছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে পাকিস্তানি তালেবান দল 'তেহরিক ই তালেবান পাকিস্তান' (টিটিপি)। এহসানউল্লাহ এহসান এ দলেরই মুখপাত্র । এ সপ্তাহে তিনি বলেন, আল কায়েদা এবং তালেবানের মধ্যকার সম্পর্ক অক্ষুন্ন রয়েছে। যুক্তরাষ্ট্রের কমান্ডোদের হাতে বিন লাদেন হত্যার সমুচিত জবাব দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/কেএমএস/সিআর/এলকিউ/১৭১৫ ঘ.