২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে বিক্ষোভে গুলি, নিহত ৯

ইয়েমেনে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে বুধবার কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। তিনটি শহরে বিক্ষোভে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 09:20 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

সানা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে বুধবার কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। তিনটি শহরে বিক্ষোভে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। রাজধানী সানার এক চিকিৎসক বলেন, রাজধানীতে মন্ত্রিসভা ভবনের সামনে মিছিলরত কয়েক হাজার মানুষের ওপর নিরাপত্তা বাহিনী গুলি চালায়। গুলিতে অন্তত ছয়জন নিহত ও একশ'র মতো মানুষ আহত হয়। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেন তিনি। শিল্পনগরী তাইজে সাদা পোশাকের নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে দুইজন নিহত হয়। বিক্ষোভে নিরাপত্তা বাহিনী গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটাও করা হয়। তাতে আহত হয় বেশ কয়েকজন। সংঘর্ষের পর বিক্ষোভকারীরা পুলিশের একটি ভবনে আগুন দেয় এবং তালা লাগিয়ে দেয় কয়েকটি সরকারি ভবনে। বন্দরনগরী হুদাইদায় নিরাপত্তা বাহিনীর গুলিতে এক বিক্ষোভকারী নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা মিছিল নিয়ে একটি সরকারি ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তাবাহিনী গুলি চালায়। গুলিতে একজন নিহত হয়। ইয়েমেনে ৩৩ বছর ধরে রাষ্ট্রক্ষমতায় থাকা প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ উপসাগরীয় দেশগুলোর (গালফ কোঅপারেশন কাউন্সিল) সমঝোতা প্রস্তাব অনুযায়ী ক্ষমতা ছাড়ার চুক্তিতে সই না করায় সরকারবিরোধী বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। তিউনিসিয়া ও মিশরের গণবিক্ষোভে অনুপ্রাণিত হয়ে জানুয়ারির শেষদিকে ইয়েমেনে সরকার পতনের আন্দোলন শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/১৫১২ ঘ.