২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

লিবিয়ায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তিনি বলেন, মানবিক সাহায্য সরবরাহের পাশাপাশি রাজনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার জন্য সর্বাগ্রে লড়াই বন্ধ হওয়া উচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 12:21 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ত্রিপোলি, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়ায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তিনি বলেন, মানবিক সাহায্য সরবরাহের পাশাপাশি রাজনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার জন্য সর্বাগ্রে লড়াই বন্ধ হওয়া উচিত। জেনেভায় লিবিয়ার প্রধানমন্ত্রী আল-বাগদাদি আলী আল মাহমুদির সঙ্গে বৈঠকের পর বান বুধবার এ আহ্বান জানান। তবে লিবিয়ার সরকার কিংবা বিদ্রোহী কোনো পক্ষই এ আহ্বানে তাৎক্ষণিকভাবে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানায়নি। লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফি সরকার কয়েকবার যুদ্ধবিরতির ঘোষণা দিলেও মিসরাতা ও বিদ্রোহী নিয়ন্ত্রিত অন্যান্য এলাকাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। বান এক সাংবাদিক সম্মেলনে বলেন, লিবিয়া সরকার জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষক দলের আওতায় অবিলম্বে যুদ্ধবিরতি করতে ইচ্ছুক এমন কথাও মাহমুদি বলেছেন। কিন্তু বান বলেন, সবার আগে মিসরাতা ও অন্যান্য জায়গায় যে লড়াই চলছে তা বন্ধ হওয়া দরকার। তাহলেই সেখানে মানবিক ত্রাণ সাহায্য সরবরাহের পাশাপাশি রাজনৈতিক আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব হবে। লিবিয়ার বিদ্রোহীরা মঙ্গলবার মিসরাতার পুর্ব ও পশ্চিমাঞ্চল থেকে গাদ্দাফি অনুগত বাহিনীকে হটিয়ে দেওয়ার দাবি করেছে। মিসরাতার ২৫ কিলোমিটার দূরের জারিক শহরও পুনর্দখল করে নেওয়ার দাবি করেছে তারা। তবে নিরপেক্ষ কোনো সূত্রে তাদের এ দাবি যাচাই করা যায়নি। লিবিয়ায় যুদ্ধবিরতি আহ্বানের পাশাপাশি সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের ধরপাকড় বন্ধ করে তাদের সংস্কারের দাবি আমলে নেওয়ারও আহ্বান জানিয়েছেন বান। সিরিয়ায় দেরা সহ যেসব শহরে নিরাপত্তা বাহিনী কঠোর দমনাভিযান চালাচ্ছে সেসব জায়গার পরিস্থিতি এবং জনগণের প্রয়োজন সম্পর্কে জানার জন্য জাতিসংঘ মানবাধিকার কর্মী এবং মানবাধিকার পরিস্থিতি তদারককারীদের প্রবেশ করতে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। বান বলেন, "আমি শান্তিপূর্ণ বিক্ষোভে গণগ্রেপ্তার বন্ধ করে জনগণের সংস্কার ও স্বাধীনতার ডাকে সাড়া দেওয়া এবং মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণকারীদের সঙ্গে সহযোগিতা করার জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আহ্বান জানাচ্ছি।" তিনি আরো বলেন, "সিরিয়া এখনো দেরা ও অন্যান্য শহরে জাতিসংঘ কর্মীদের প্রবেশের অনুমতি না দেওয়ায় আমি হতাশ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০৪ঘ.