২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চম স্ত্রী চেয়ে সহযোগীকে বিন লাদেনের ফোন

ওসামা বিন-লাদেনের ফোন পেয়ে তাকে পঞ্চম বিয়ের কনে খুঁজে দিয়েছিলেন এক ইয়েমেনী সহযোগী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 11:26 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওসামা বিন-লাদেনের ফোন পেয়ে তাকে পঞ্চম বিয়ের কনে খুঁজে দিয়েছিলেন এক ইয়েমেনী সহযোগী। ফোনে কাক্সিক্ষত কনের বৈশিষ্ট্যের বর্ণনাও দেন তিনি- তাকে হতে হবে ধার্মিক, দায়িত্বশীল, ভদ্র, সম্ভ্রান্ত বংশের, সর্বোপরি ধৈর্যশীল ও তার ঝুঁকিপূর্ণ জীবনের সঙ্গে মানিয়ে নিতে পারবে এমন। ওসামা বিন-লাদেনের সেই সহযোগী রাশাদ মোহাম্মদ সাঈদ ইসমায়েলের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়। এতে বলা হয়, ১৯৯৯ সালে বিন-লাদেনের ওই ফোন কলটি পেয়ে সঙ্গেসঙ্গেই ইসমায়েল বুঝে নেন কনে তার হাতেই রয়েছে। পরে ২০০০ সালে এ বিয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিজ শহর ইবে ফিরে আসেন ইসমায়েল। সেখানে ইয়েমেনের এক সরকারি চাকরিজীবীর ১৭ বছর বয়সী মেয়ে এবং তার সাবেক ছাত্রী আমাল আহমেদ আল-সাদাহের সঙ্গে দেখা করে বিয়ের প্রস্তাব দেন তিনি। আমালকে ওসামার জীবন, আমেরিকার আক্রমণের হাত থেকে তার পালিয়ে বেড়ানো ও বিয়ের প্রস্তাব সম্পর্কে খোলাখুলি বলেন ইসমায়েল। আমালও প্রস্তাবে রাজি হন। ওই বিয়ের ১০ বছরের বেশি সময় পর নিজেকে আল-কায়েদার সমর্থক হিসেবে উল্লেখ করে ইসমায়েল বলেন, পাঁচ হাজার ডলার যৌতুকের বিনিময়ে ওই বিয়ে ঠিক হয় এবং আমালের আফগানিস্তানের উদ্দেশ্যে রওয়ানার আগে অনুষ্ঠানের আয়োজন করা হয় ইয়েমেন আমালের বাসায়। ইসমায়েল, আমাল ও আমালের বড় ভাই ইয়েমেন থেকে প্রথমে পাকিস্তানের করাচিতে আসেন, পরে সেখান থেকে কোয়েটায় যান। বিন লাদেনের নিরাপত্তা বাহিনী তাদের নিতে না আসা পর্যন্ত কোয়েটাতেই থাকেন আমালরা। কোয়েটা থেকে আফগানিস্তানে যাওয়ার পরে কান্দাহারে আমাল ও ওসামা বিন-লাদেনের বিয়ের মূল অনুষ্ঠানটি হয়। কান্দাহারে ইয়েমেনের ঐতিহ্যবাহী নিয়মে হওয়া এ বিয়ের অনুষ্ঠানটিতে উপস্থিত সবাই ছিলেন পুরুষ। তারাই নাচ, গান করে অনুষ্ঠানটি পালন করেন। অনুষ্ঠানে বিন-লাদেনের উদ্দেশ্যে কবিতা আবৃত্তি করা হয় এবং তার পায়ের কাছে একটি ভেড়া জবাই দেওয়া হয়। বর্তমানে পাকিস্তানে আটকাবস্থায় থাকা আমাল ও তার মেয়েকে ইয়েমেনে ফিরিয়ে আনার জন্য লড়ছেন ইসমায়েল। তবে ইয়েমেনে ফিরিয়ে নিলে আমালকে প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারেন- এমন আশঙ্কা করছেন অনেকেই। ইসমায়েল বলেন, ইসলামে আমরা পরিবারের সম্মানের বিষয়টি খুবই কঠোরভাবে মেনে চলি। আমালের মতো নারীরা যখন বিধবা হন, সব মুসলমানের দায়িত্ব তার নিরাপত্তা নিশ্চিত করা ও দেখাশোনা করা। আমাল ও তার মেয়ের কোনো ক্ষতি হলে তা ইয়েমেন ও পশ্চিমা বিশ্বের মধ্যে বিস্ফোরণ ঘটাবে বলে সতর্ক করে দেন তিনি। তিনি আরো বলেন, আমরা খুশি যে বিন লাদেন আমেরিকানদের হাতে নিহত হয়েছেন, কারণ এভাবে শহীদের মৃত্যুই তিনি চাইতেন। কিন্তু এখন তার স্ত্রী ও আত্মীয়দের সম্মান রক্ষার প্রশ্ন দাঁড়িয়ে গেছে। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এএল/১৭২৭ ঘ.