২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভুপাল মামলার পুনর্বিচার হচ্ছে না

ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভুপালে ১৯৮৪ সালে সংঘটিত গ্যাস দুর্ঘটনা মামলার পুনর্বিচার হচ্ছে না। মামলাটি পুনর্বিচারের জন্য 'সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন' (সিবিআই)'র আবেদন বুধবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 11:17 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভুপালে ১৯৮৪ সালে সংঘটিত গ্যাস দুর্ঘটনা মামলার পুনর্বিচার হচ্ছে না। মামলাটি পুনর্বিচারের জন্য 'সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন' (সিবিআই)'র আবেদন বুধবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আবেদন খারিজের সময় আদালত তার পর্যবেক্ষণে জানায়, "ভুপাল গ্যাস দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ঘোষণার ১৪ বছর পর মামলা পুনর্বিচারের জন্য দাখিল করা আবেদনের কোনো সন্তোষজনক কারণ দেখাতে পারেনি সিবিআই ও মধ্যপ্রদেশ সরকার।" এনডিটিভির খবরে একথা বলা হয়েছে। ১৯৮৪ সালের ২ ডিসেম্বর রাতে ভুপালের 'ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড'র রাসায়নিক কারখানার বিষাক্ত মিথাইল আইসোসায়ানেট গ্যাস ও অন্যান্য রাসায়নিক ছড়িয়ে পড়ে। এতে ভুপালের বিস্তীর্ণ এলাকার বাতাস বিষাক্ত হয়ে যায়। এতে তাৎক্ষণিকভাবে অনেক মানুষ হতাহত হলেও তার তার রেশ এখনও বহন করতে হচ্ছে ভুপালবাসীদের। ওই ঘটনার জেরে এ পর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ১৯৯৬ সালে এ মামলার রায়ের পর এর পর্যালোচনা চেয়েছিলো সিবিআই। ওই রায়ের ভিত্তিতেই ২০১০ সালে ৭ জুনে সাবেক ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড এর চেয়ারম্যানসহ ওই কোম্পানির ৭ সাবেক নির্বাহীর দু'বছরের জেল হয়। কিন্তু তারা খুব শিগগিরিই জামিন পেয়ে যান। এত বড় দুর্ঘটনায় দায়ীদের নামমাত্র সাজার কারণে দেশব্যাপী ব্যাপক ক্ষোভ সঞ্চার হয়। এতে করে সরকার এ লঘু সাজার বিরুদ্ধে মামলাটি পুনর্বিাচরের আবেদন করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সুপ্রিম কোর্ট সিবিআই'র মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন নাকচ করায় দায়ী ব্যক্তিদের লঘু শাস্তিই বহাল থাকছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫৭.