আম্মান, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার বানিয়াস শহরে নিয়ন্ত্রণ শিথিল করেছে নিরাপত্তা বাহিনী। তবে হোমস শহরে ট্যাংক হামলা এবং মেশিনগানের গুলি এখনো চলছে।
বানিয়াসে সরকার বিক্ষোভের তীব্রতা হ্রাস পেয়েছে বলে ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিরাপত্তা বাহিনী আটক ৩শ জনকে মুক্তি দিয়েছে।
সচল হয়েছে পানি, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা। তবে গণতন্ত্রের জন্য আন্দোলনকারী নেতারাসহ দু'শ মানুষ এখনো বন্দি।
শহরে মোতায়েন করা ট্যাংকগুলোও এখনো সেখানেই আছে বলে মঙ্গলবার জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
গত সপ্তাহে বানিয়াসের আবাসিক এলাকাগুলো ট্যাংক হামলা চালিয়ে দলিতমথিত করে সেনাবাহিনী। এর আগে সরকার বিরোধী বিক্ষোভকারীদের দমন করতে বানিয়াসে ট্যাংক পাঠান প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
শনিবার শহরটিতে বিক্ষাভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ৬জন নিহত হয়। আপাতত সেখানে নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ শিথিল করলেও অন্য শহরগুলোতে পরিস্থিতি বদলায়নি।
বিস্ফোরণে প্রকম্পিত হচ্ছে হোমস। বাব আমরো আবাসিক এলাকায় চলছে মেশিনগানের গুলি। কঠোর দমনাভিযানের মধ্যেও মঙ্গলবার হোমস শহরে বিক্ষোভ হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সিরিয়ায় গত মার্চ থেকে রাজনৈতিক স্বাধীনতা ও দুর্নীতিমুক্ত প্রসাশনের দাবিতে বাথ পার্টির দীর্ঘদিনের শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করে জনগণ।
সরকার বিরোধী এ বিক্ষোভে এ পর্যন্ত প্রায় ৮'শ লোক নিহত হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলো দাবী করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৩০ ঘ.
bdnews24