কান, ফ্রান্স, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্ব চলচ্চিত্রের অন্যতম আসর কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে বুধবার।
২২ মে পর্যন্ত এই উৎসবে বিশ্বের বরেণ্য চলচ্চিত্রকারদের পাশাপাশি নতুন প্রতিভাবান নির্মাতাদের চলচ্চিত্রও প্রদর্শিত হবে।
বিখ্যাত মার্কিন চলচ্চিত্র পরিচালক উডি অ্যালানের নতুন রোমান্টিক কমেডি 'মিডনাইট ইন প্যারিস'এর প্রদর্শনীর মাধ্যমে এবারের উৎসব উদ্বোধন হচ্ছে ।
উৎসব আয়োজকদের প্রতিনিধি থিয়েরি ফ্রিমা বলেন, প্রতিষ্ঠিত প্রতিভাদের সঙ্গে নতুন প্রতিভা সন্ধানের এ লড়াইটিই সম্ভবত কানের প্রাণ। এ বছর এ লড়াই আরো প্রাণবন্ত হয়ে উঠবে।
তবে উৎসবের প্রথম তিন দিন যাওয়ার পরই এ ব্যাপারে দর্শকরা কি ভাবছে তা-ই হবে আসল পরীক্ষা।
এবারের উৎসব আয়োজন করা হয়েছে বিলাসবহুল রিভিয়েরা রিসোর্টে। কাছেই বিশাল সিনেমা কমপ্লেক্সের পাশে সমুদ্রতীরটি এখন বিলাসবহুল ইয়টে পূর্ণ। হোটেলগুলোতেও কোনো কক্ষ খালি নেই।
বিভিন্ন দেশের প্রায় চার হাজার গণমাধ্যমকর্মী এ উৎসবের প্রতিবেদন তৈরি করতে উপস্থিত হয়েছেন।
উডি অ্যালেনের নতুন চলচ্চিত্রটিতে হলিউডের ওয়েন উইলসন ও ম্যারিয়ন কোটিলার্ডের সঙ্গে রয়েছেন ফ্রান্সের ফার্স্ট লেডি কার্লা ব্র"নিও। তবে মঙ্গলবার ব্যক্তিগত কারণে উৎসবে যোগ দিতে পারছেন না বলে ঘোষণা দেন কার্লা।
উৎসবের লাল গালিচা সংবর্ধনায় অ্যাঞ্জেলিনা জোলি, ব্র্যাড পিট, শন পেন, পেনেলোপে ক্রুজ, রবার্ট ডি নিরো, মেল গিবসন, জনি ডেপ যোগ অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
এদের সঙ্গে যোগ দিতে পারেন ইউরোপের বরেণ্য পরিচালক পেদ্রো আলমোদোভার, নান্নি মোরেত্তি, ডারডেন ভ্রাতৃদ্বয়, আকি কুরিসমাকি ও লারস ভন ট্রিয়ের। সবার আরাধ্য 'পাম ডি অর' পুরস্কার জয়ের প্রতিযোগিতায় আছেন এরা সবাই।
এবারের উৎসবের আর একটি ব্যতিক্রম হচ্ছে, দুই কারাবন্দি ইরানি চলচ্চিত্র পরিচালককে সম্মান জানানো। ইতোমধ্যে উৎসবের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, প্রখ্যান ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি ও রাসুলফকে সম্মাজন জানাবে কান চলচ্চিত্র উৎসব।
ইরান সরকারের বিরোধিতা করায় ইতোমধ্যে ওই দুই পরিচালক কারাদণ্ড ভোগ করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১২০০ ঘ.
bdnews24