২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওসামা অভিযান পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ মোকাবেলায় প্রস্তুত ছিলো যুক্তরাষ্ট্র

ওসামা বিন লাদেন হত্যা অভিযানের সময় পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত ছিলো যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 02:45 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ওয়াশিংটন, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ওসামা বিন লাদেন হত্যা অভিযানের সময় পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত ছিলো যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বারাক ওবামা যথেষ্ট বড় টীমই সেখানে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন; যাতে পাক-বাহিনী কোনো বাধ সাধলে তাদেরকে মোকাবেলা করা যায়। নাম প্রকাশ না করে কয়েকজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে 'দ্য নিউ ইয়র্ক টাইমস' মঙ্গলবার এ খবর দিয়েছে। পত্রিকাটির খবরে বলা হয়, ১ মে বিন লাদেন হত্যা অভিযান চালানোর ১০ দিন আগেই পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বেধে যাওয়ার সম্ভাবনা আঁচ করে ওবামা মার্কিন কমান্ডোদের সুরক্ষায় অতিরিক্ত দুটি জঙ্গি হেলিকপ্টার পাঠানোর নির্দেশ দেন। পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের 'জটিল' সম্পর্কের কারণেই ওবামা অভিযানে কোনো ফাঁক রাখতে চাননি বলে জানিয়েছেন এক কর্মকর্তা। "প্রয়োজনবোধে অতিরিক্ত বাহিনী মোতায়েন রাখারই পক্ষপাতি ছিলেন ওবামা," বলেন তিনি। টাইমস আরো জানিয়েছে, মিশনের জন্য প্রস্তুত রাখা হয়েছিলো দু'দল বিশেষজ্ঞকেও। একদল বিশেষজ্ঞর কাজ ছিলো বিন লাদেন মারা গেলে তাকে সমাহিত করা। আর আরেক দলের কাজ ছিলো বিন লাদেন পাকড়াও হলে তাকে জেরা করা। এ দলটিতে ছিলো আইনজীবী ও জিজ্ঞাসাবাদকারীরাসহ দোভাষীরা। খুব সম্ভবত এ দলটিই উত্তর আরব সাগরে যুদ্ধবিমানবাহী জাহাজ কার্ল ভিনসনে ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এইচএ/২০০৫ ঘ.