২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় যুদ্ধবিরতি চায় জাতিসংঘ

লিবিয়ায় মানবিক বিপর্যয় এড়াতে যুদ্ধবিরতি প্রয়োজন বলে মনে করেন জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক প্রধান ভ্যালেরি অ্যামোস। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 01:51 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় মানবিক বিপর্যয় এড়াতে যুদ্ধবিরতি প্রয়োজন বলে মনে করেন জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক প্রধান ভ্যালেরি অ্যামোস। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অ্যামোস বলেন, পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতার পরিস্থিতি ভয়াবহ। সেখানে বিশুদ্ধ পানি ও খাবারের অভাব চরমভাবে দেখা দিয়েছে। লিবিয়ার ওপর আন্তর্জাতিক মহলের অবরোধ এবং গাদ্দাফির অনুগত বাহিনীর সামরিক স্থাপনা ও সরঞ্জামের ওপর ন্যাটোর বোমা হামলা এবং তাদের সঙ্গে বিদ্রোহীদের চলমান যুদ্ধ দেশটিতে অচলাবস্থা সৃষ্টি করেছে। তিনি বলেন, "সর্বব্যাপী অভাব দেশটিকে অচল করে দিচ্ছে। আগামী মাসগুলোতে সাধারণ মানুষের ওপর এর ভয়াবহ প্রভাব পড়বে। সবচেয়ে বেশি সংকটে পড়বে দরিদ্র ও অসহায় মানুষ।" দেশটিতে মাত্র দু'-এক মাসের খাবার মজুদ রয়েছে, বলেন তিনি। সব পক্ষ আন্তর্জাতিক আইন মেনে চলবে- এ বিষয়টি নিশ্চিত করতে তিনি নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান । বিবিসি জানায়, কর্নেল মুয়াম্মার গাদ্দাফির চার দশকের শাসনাবসানের দাবিতে ফেব্রুয়ারির মাঝামাঝিতে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে লিবিয়া ছেড়েছে প্রায় সাড়ে সাত লাখ মানুষ। লিবিয়ায় উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা প্রতিষ্ঠা ও গাদ্দাফির অনুগত বাহিনীর হাত থেকে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ১৯ মার্চ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে পশ্চিমা যৌথবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯৪৯ ঘ.