ইসলামাবাদ, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যার ঘটনায় পাকিস্তানের অযোগ্যতা এবং লাদেনকে লুকিয়ে থাকতে সহায়তা করা নিয়ে ওঠা অভিযোগ নাকচ করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।
বিন লাদেন নিহত হওয়ার পর সোমবার পার্লামেন্টে দেওয়া প্রথম ভাষণে গিলানি বলেন, অ্যাবোটাবাদের বাড়িতে বিন লাদেনকে লুকিয়ে থাকতে সহায়তা করা এবং মার্কিন বাহিনীর হাতে তিনি (বিন লাদেন) নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের অযোগ্যতার ঢালাও অভিযোগ ভিত্তিহীন।
পাকিস্তানসহ দেশটির গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে আল কায়েদার সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগ তোলাটা যে কারো জন্যই অনুচিত, বলেন তিনি।
বিন লাদেন কোথায় লুকিয়ে ছিলেন তা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই জানতো এমন সংশয় নাকচ করে গিলানি জোর দিয়ে বলেন, "সামরিক ও গোয়েন্দা সার্ভিসের ওপর পাকিস্তান সরকারের আস্থা আছে।"
যুক্তরাষ্ট্রের সমালোচনা করে তিনি বলেন, একপাক্ষিকভাবে ওসামা বিন লাদেনের আস্তানায় হানা দিয়ে তারা ঠিক কাজ করেনি; কারণ, তাতে মারাত্মক পরিণতির ঝুঁকি আছে। আর এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সার্বভৌমত্বও লঙ্ঘন করেছে।
কিন্তু এ সমালোচনার পরও গিলানি যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের বিষয়টিকে গুরুত্ব দিয়ে বলেন, ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের মিত্রতার বন্ধন এখনো অটুট। উভয়ই তাদের পারস্পরিক স্বার্থে একে অপরের পাশে আছে।
অ্যাবোটাবাদে বিন লাদেনের দীর্ঘদিনের উপস্থিতি কেনো টের পাওয়া যায়নি তা তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন গিলানি।
তিনি বলেন, "অ্যাবোটাবাদে বিন লাদেন কিভাবে, কখন এবং কেনো উপস্থিত হয়েছিলেন তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে আমরা বদ্ধপরিকর।"
বিন লাদেনের আস্তানা এবং তার আত্মগোপন করে থাকা নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ আর তাকে হত্যার অভিযানে পাকিস্তানের সার্ববৌমত্ব লঙ্ঘনের বিষয়টি নিয়ে দেশের জনগণ ও বিরোধীদলের চাপের মুখে গিলানি এ ভাষণ দিলেন।
বিন লাদেনের কম্পাউন্ডে হামলা চালিয়ে মার্কিন বাহিনী পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে অভিযোগে ইতোমধ্যেই প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছে দেশটির প্রধান বিরোধীদল।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ এর এক কর্মকর্তা দৈনিক দ্য নিউজ কে বলেছেন, "আমরা তাদের পদত্যাগ চাই। আত্মপক্ষ সমর্থনে কোনো ব্যাখ্যা চাই না।"
পাকিস্তান বিন লাদেন হত্যাকে স্বাগত জানালেও দেশের মাটিতে মার্কিন বাহিনীর অভিযানকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে এর সমালোচনাও করেছে।
পাকিস্তানের মাটিতে মার্কিন কমোন্ডো দলের প্রবেশ নিয়ে বিরোধীদলের কাছ থেকে প্রবল চাপে পড়েছেন গিলানি।
আর বিন লাদেন কিভাবে রাজধানীর কাছের শহরে থেকেও ধরা ছোঁয়ার বাইরে থেকে গিয়েছিলেন এটিও গিলানির জন্য বড় ধরনের প্রশ্ন।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইতোমধ্যেই বলেছেন, পাকিস্তানে বিন লাদেনকে সহায়তাকারী চক্র ছিলো। আর সে চক্রে পাকিস্তান সরকারেরই কেউ আছে কিনা তা তাদেরকে খতিয়ে দেখতে হবে।
অ্যাবোটাবাদের বাড়িতে বিন লাদেন কিভাবে থাকতে পেরেছিলেন সে সম্পর্কে সঠিক কোনো ব্যাখ্যা পাকিস্তান দিতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০৯ঘ.
bdnews24