ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অযোধ্যা কমপ্লেক্সের জমি হিন্দু-মুসলিমদের মধ্যে ভাগাভাগি করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে ভারতের সুপ্রিম কোর্ট।
বিতর্কিত ওই স্থানে বাবরি মসজিদ রয়েছে। সেখানে রাম মন্দির তৈরি করা নিয়ে সৃষ্ট দাঙ্গায় ১৯৯২ সালে নিহত হয় হাজারো মানুষ।
অযোধ্যা কমপ্লেক্সের দাবি নিয়ে মামলা হলে এলাহাবাদ হাইকোর্ট গত বছর রায় দেয়। এতে ভূমি তিন ভাগ করে এক ভাগ মুসলিমদের সুন্নি ওয়াকফ বোর্ডকে দেয়। অন্য দুই ভাগ দেওয়া হয় হিন্দুদের। এর মধ্যে নির্মোহি আখড়া এক ভাগ এবং বাকি অংশ পায় রাম লালা গোষ্ঠী।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিন পক্ষই সর্বোচ্চ আদালতে গেলে সোমবার সুপ্রিম কোর্ট রায়ে স্থগিতাদেশ দেয় বলে এনডিটিভি জানিয়েছে।
এলাহাবাদ হাইকোর্ট ওই স্থানটিকে রামের জন্মস্থান বলে গ্রহণ করে। আদালতের তিন বিচারকের মধ্যে দুই বিচারক এ ভাগাভাগি অনুমোদন করেন, অপর একজন তা অনুমোদন করেননি।
সর্বোচ্চ আদালত বলছে, "এটি ভীষণ অদ্ভুত ও বিস্ময়কর। কেউই ওই এলাকা ভাগাভাগির জন্য আবেদন জানায়নি। কিন্তু এলাহাবাদ হাইকোর্ট বিষয়টি নিষ্পত্তির জন্য একটি রায় দিলো এবং কেউ এর বিরুদ্ধে উচ্চবাচ্য করেনি।"
হাইকোর্টের রায় স্থগিতের পাশাপাশি বিতর্কিত ওই এলাকার ৬৭ একরের মধ্যে কোনো ধরনের ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনার ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এমআই/১৪০০ ঘ.
bdnews24