আম্মান, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- সিরিয়ায় দেশজুড়ে শুরু হওয়া গণবিক্ষোভ দমাতে কয়েকটি শহরে রোববার প্রবেশ করেছে ট্যাংক ও সেনা।
দেরার কাছে তাফাস শহরে সেনা প্রবেশ করেছে বলে জানিয়েছে অধিবাসীরা। সকাল ৬ টার দিকে তাফাস এ প্রবেশ করে অন্তত ৮ টি ট্যাংক।
অধিবাসীরা গুলির শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছে। তাছাড়া সেনারা তরুণদের গ্রেপ্তার করতে বাড়িতে বাড়িতেও হানা দিয়েছে বলে জানায় তারা। তাফাস সংলগ্ন দায়েল শহর ঘিরেও রয়েছে ট্যাংক।
হোমস শহরের কাছের দু'টি এলাকায় রাতভর ট্যাংক ও সেনা সমাবেশ ঘটেছে। মানবাধিকার কর্মীরা বলছেন, আবাসিক কোনো এলাকায় ট্যাংক প্রবেশের ঘটনা এটাই প্রথম। শহরজুড়ে চলছে মেশিনগানের গুলি আর শেল হামলা।
সিরিয়ায় চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত আটশ মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন।
সিরিয়ার মানবাধিকার সংস্থা সাওয়াসিয়াহ শনিবার এক বিবৃতিতে নিহত আটশ' বিক্ষোভকারীর নামের একটি তালিকা প্রকাশ করে।
বিৃবতিতে বলা হয়, এদের মধ্যে দুইশ ২০ জনই দেরায় সেনা অভিযানে নিহত হয়েছে।
ক্ষমতাসীন বাথ পার্টির পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে মার্চের মাঝামাঝি সিরিয়ায় বিক্ষোভ শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এএইচ/এলকিউ/১৯৫১ঘ.
bdnews24