২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাবোটাবাদের বাড়িতে বসেই দল চালাতেন ওসামা

পাকিস্তানে অ্যাবোটাবাদের কম্পাউন্ডে বসেই আল-কায়েদার বিশ্বব্যাপী ছড়ানো নেটওয়ার্ক সক্রিয়ভাবে পরিচালনা করতেন ওসামা বিন লাদেন। আল কায়েদা নেতার নতুন ভিডিও টেপ প্রকাশের পর যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন এক গোয়েন্দা কর্মকর্তা একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 10:50 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ওয়াশিংটন, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে অ্যাবোটাবাদের কম্পাউন্ডে বসেই আল-কায়েদার বিশ্বব্যাপী ছড়ানো নেটওয়ার্ক সক্রিয়ভাবে পরিচালনা করতেন ওসামা বিন লাদেন। আল কায়েদা নেতার নতুন ভিডিও টেপ প্রকাশের পর যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন এক গোয়েন্দা কর্মকর্তা একথা বলেছেন। নাম প্রকাশ না করে ওই কর্মকর্তা জানান,"অ্যাবোটাবাদের ওই বাড়িটি আল কায়েদার শীর্ষ নেতাদের নির্দেশদান ও নিয়ন্ত্রণের সক্রিয় কেন্দ্র ছিল।" তাছাড়া ওসামা শুধু আল-কায়েদার কৌশল নির্ধারণী নেতাই ছিলেন না, তিনি সক্রিয়ভাবে অভিযানের পরিকল্পনা করতেন এবং বিভিন্ন পরিস্থিতি মোকাবেলার সিদ্ধান্তও দিতেন।" শনিবার বারাক ওবামা প্রশাসন বিন লাদেনের পাঁচটি ভিডিও টেপ প্রকাশ করে। টেপগুলো বিন লাদেনের অ্যাবোটাবাদের বাড়ি থেকে জব্দ করে মার্কিন বাহিনী। গত ২মে রাতে পাকিস্তানের অ্যাবোটাবাদের ওই বাড়িতে যুক্তরাষ্ট্রের কমান্ডোদের আকস্মিক হামলায় নিহত হন বিন লাদেন। ভিডিওগুলোর কোনটাই শব্দসহ প্রকাশ করা হয়নি। বিন লাদেনের প্রচারণা যুক্তরাষ্ট্র মানুষকে জানাতে চায়নি বলেই ভিডিওগুলো শব্দসহ প্রকাশ করা হয়নি বলে জানান ওই গোয়েন্দা কর্মকর্তা। ওই ভিডিও বার্তায় বিন লাদেন যুক্তরাষ্ট্র ও পুঁজিবাদের সমালোচনা করেছেন বলে জানান তিনি। ব্যক্তিগত ওইসব ভিডিও থেকেই অ্যাবোটাবাদের বাড়িতে নিহত ব্যক্তিকে বিন লাদেন বলে শনাক্ত করা গেছে। বিন লাদেন খুব সতর্কভাবে তার ভাবমূর্তি রক্ষা করতেন। মৃত্যুর পর বিন লাদেনের পরিচয় কয়েকভাবে শনাক্ত করা হয়েছে বলে জানান যুক্তরাষ্ট্রের ওই গোয়েন্দা কর্মকর্তা। সবশেষে ডিএনএ শনাক্ত করণের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। লাদেনের বাড়ি থেকে উদ্ধার করা তথ্য পর্যালাচনা করে দেখা যায়, বিন লাদেন সবসময়ই যুক্তরাষ্ট্রে হামলায় আগ্রহী ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় আঘাত হানায় তার আগ্রহ ছিলো বেশী । "গত কয়েক দিন জব্দ করা জিনিসগুলো পর্যালোচনা করে পরিষ্কার বোঝা যায় বিন লাদেন আল কায়েদার সক্রিয় নেতা ছিলেন। তিনি তার দলকে অভিযান তথা হামলার ক্ষেত্রে বিভিন্ন কৌশলগত পরামর্শ দিতেন।" "তিনি নামমাত্র প্রধান ছিলেন না। তিনি ছিলেন সক্রিয় খেলোয়াড়। তাই পাকিস্তানে এই অভিযান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি ছিল", বলেন ওই কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৪৫ ঘ.