নিউ ইয়র্ক, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যার পর বৃহস্পতিবার নিউ ইয়র্কের গ্রাউন্ড জিরো পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
৯/১১ হামলায় যারা টুইন টাওয়ার ধ্বংস করেছে তাদের সমুচিত জবাব দেওয়ার প্রতিশ্রুতি পূরণ হয়েছে- একথা বলতেই নিউ ইয়র্কে যান ওবামা। গ্রাউন্ড জিরোতে পুস্পস্তবক অর্পন করেন তিনি।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলায় ধ্বংস হয়েছিলো গ্রাউন্ড জিরোতে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার। এ টাওয়ার ধ্বংসের পর থেকেই স্থানটির নাম হয়েছে গ্রাউন্ড জিরো।
ওবামার পূর্বসূরি জর্জ ডব্লিউ বুশ ওই হামলার তিনদিন পর টুইন টাওয়ারের ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে বলেছিলেন, "যারা ভবন দুটি ধ্বংস করেছে তারা শিগগিরি আমাদের কাছ থেকে এর জবাব পাবে।"
প্রায় এক দশক পর ওবামা গ্রাউন্ড জিরোতে গিয়ে সেই প্রতিশ্রুতি পূরণেরই জানান দিলেন।
তিনি বলেন, বিন লাদেনকে হত্যার মধ্য দিয়ে বিশ্বকে একথাই জানানো হয়েছে যে, "আমরা যখন বলি আমরা ভুলবো না, তার মানে আমরা সত্যিই তা বলি।"
টুইন টওয়ারে হামলার পর উদ্ধারকাজে যারা নিয়োজিত ছিলেন সেইসব অগ্নি নির্বাপক কর্মী এবং পুলিশের সঙ্গে সাক্ষাৎ করে ওবামা তাদেরকে ধন্যবাদ জানান। হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গেও দেখা করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৫ ঘ.
bdnews24