ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন দেশের মুসলিম নেতা ও মানবাধিকারকর্মীর পর এবার এক যাজক আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন হত্যার সমালোচনা করেছেন।
বৃহস্পতিবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের প্রতিনিধির এক প্রশ্নের জবাবে ঘটনার সমালোচনা করেন আর্চবিশপ অব ক্যান্টারবারি রোয়ান উইলিয়ামস।
উইলিয়ামস বলেন, "নিরস্ত্র কোনো মানুষকে হত্যা সবসময় অস্বস্তিদায়ক। এতে ন্যায়বিচার প্রতিষ্ঠা পায় না।"
স্থানীয় সময় সোমবার ভোররাতে পাকিস্তানের অ্যাবোটাবাদে অভিযান চালিয়ে বিন লাদেনকে হত্যা করে যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনী নেভি সিল টিমের সদস্যরা।
পরে সকালে এক টেলিভিশন ভাষণে বিন লাদেনের মৃত্যু নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ওসামা বিন লাদেনের ন্যায়বিচার হয়েছে।
কিন্তু নিরস্ত্র বিন লাদেনকে মাথায় গুলি করে হত্যা করায় সমালোচনা চলছে বিশ্বের বিভিন্ন প্রান্তে।
বুধবার পশ্চিম জার্মানির সাবেক চ্যান্সেলর হেলমুট স্মিডট জার্মান টেলিভিশনে বলেন, "এটি স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।"
অস্ট্রেলিয়ার মানবাধিকারকর্মী জিওফ্রে রবার্টসনও একই মত প্রকাশ করেন।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন টেলিভিশনে তিনি বলেন, "এটি ন্যায়বিচার নয়। এটি ন্যায়বিচার শব্দটির বিকৃতি। ন্যায়বিচার বলতে বোঝায় অভিযুক্তকে আদালতের মুখোমুখি করা, তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া।"
বিন লাদেনকে বিনা বিচারে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রাবর্টসন আরো বলেন, নুরেমবার্গে যেভাবে নাৎসী বাহিনীর সদস্যদের বিচার হয়েছে, হেগের যুদ্ধাপরাধ আদালতে যেভাবে যুগোস্লাভিয়ার সাবেক প্রেসিডেন্টের বিচার হয়েছে তেমনি বিন লাদেনেরও বিচার হতে পারতো।
নেদারল্যান্ডস ভিত্তিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ গার্ট-জান নুপস বলেন, বিন লাদেনকে গ্রেপ্তার করা এবং যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা উচিত ছিলো।
নয়া দিল্লির ইসলাম ধর্মীয় নেতা সৈয়দ আহমেদ বুখারি বলেন, বিন লাদেনকে সহজেই আটক করতে পারতো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
তিনি বলেন, "আমেরিকা সব জায়গায় বুনো শাসন চালু করছে। আফগানিস্তান, ইরাক, পাকিস্তান, লিবিয়া- সর্বত্র চলছে আমেরিকার এ তৎপরতা। মানুষ দীর্ঘদিন নীরব রয়েছে। কিন্তু এখন তা সীমা ছাড়িয়ে গেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এএল/১৯১৬ ঘ.
bdnews24