ইসলামাবাদ, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ ডেকেছে প্রভাবশালী ইসলামি ভাবধারার রাজনৈতিক দল জামায়াতে-ইসলামি (জেআই)।
বিন লাদেন হত্যা অভিযানের পর যুক্তরাষ্ট্র নতুন করে সন্ত্রাসবিরোধী লড়াই চালানোর যে সংকল্প নিয়েছে তাতে পাকিস্তানের সমর্থন ও সহযোগিতা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করবে তারা।
সোমবার ভোররাতে বিন লাদেনকে হত্যা করে যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনী 'নেভি সিল' টিমের সদস্যরা।
আল-কায়েদা নেতাকে হত্যা করতে অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্র সেনা পাঠিয়ে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে অভিযোগ দলটির।
জেআই প্রধান সৈয়দ মুনাওয়ার হাসান বৃহস্পতিবার রয়টার্সকে বলেন, "মার্কিনীরা যেভাবে আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা ক্ষুন্ন করেছে তাতে তাদের প্রতি আর কোনো সহানুভূতি নেই।
শুক্রবার শান্তিপূর্ণ বিক্ষোভে যোগ দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের প্রথম দাবি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই থেকে পাকিস্তানকে সরে দাঁড়াতে হবে।"
যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ অংশীদার পাকিস্তান। তাছাড়া, প্রতিবেশী দেশ আফগানিস্তানে তালেবানবিরোধী লড়াইয়ে পাকিস্তানের ওপর ব্যাপক নির্ভরশীলতা রয়েছে যুক্তরাষ্ট্রের।
সে সূত্রে পাকিস্তানকে বিশাল অংকের সামরিক সহায়তাও দেয় পশ্চিমা এ দেশটি।
তবে আফগান সীমান্তবর্তী এলাকাগুলোতে অব্যাহতভাবে মার্কিন ড্রোন হামলায় বেসামরিক মানুষ হতাহতের ঘটনায় ক্ষোভ রয়েছে পাকিস্তানিদের মধ্যে।
আর সোমবার পাকিস্তানকে কিছু না জানিয়ে দেশের মধ্যে মার্কিন বাহিনীর অভিযান ও বিন লাদেনকে হত্যা নিয়ে মার্কিনবিরোধী বিদ্বেষ নতুন মাত্রা পেয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮০৮ ঘ.
bdnews24