টোকিও, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনার পর বৃহস্পতিবার প্রথম এক নম্বর চুল্লির মূল ভবনে প্রবেশ করেছে কর্মীরা।
গত ১১ মার্চ জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পরদিন বিস্ফোরণ ঘটে ফুকুশিমার দায়চি পরমাণু কেন্দ্রে। প্রায় দু মাস পর এই প্রথম কর্মীরা সেখানে ঢুকে কাজ করছেন।
বিশেষ পোশাক, গ্যাস প্রতিরোধক মাস্ক এবং অক্সিজেন সিলিন্ডার নিয়ে তারা সেখানে প্রবেশ করেছেন।
টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির (টেপকো) কর্মকর্তারা জানান, দুর্ঘটনা কবলিত এ কেন্দ্রের এক নম্বর চুল্লির মূল ভবনটি থেকে তেজস্ক্রিয় বাতাস বের করার জন্য ভেন্টিলেশনের ব্যবস্থা করছেন তারা।
জাপানে ভূমকম্পের পরদিন ১২ মার্চ ফুকুশিমার এক নম্বর চুল্লিতে বিস্ফোরণ ঘটে। এতে চুল্লিঘরটির ছাদ উড়ে যায়। অচল হয়ে পড়ে শীতলীকরণ ব্যবস্থা।
ফলে নতুন করে সেখানে শীতলীকরণ ব্যবস্থা চালুরও পরিকল্পনা রয়েছে। নতুন শীতলীকরণ ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত চুল্লিঘরে তেজস্ক্রিয়তার মাত্রা কম রাখা প্রয়োজন।
কর্মীরা সে চেষ্টাই চালাচ্ছে। এর আগে চুল্লি ভবনের ভেতরে ক্যামেরাবাহী রবোট ব্যবহার করে সেখানকার পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া চেষ্টা করা হয়েছিলো।
বৃহস্পতিবার সকালে টেপকো কর্মকর্তারা জানিয়েছেন, "১২জন কর্মী পালাক্রমে ১০মিনিটের শিফটে ছোট ছোট দলে ভাগ হয়ে চুল্লির মূল ভবনে কাজ করবে।"
"ভেন্টিলেশনের পাইপটি বসানোর জন্য চারজনের একটি দল একজন একজন করে ভেতরে যাবে। সংকীর্ণ একটি জায়গায় তাদের কাজ করতে হবে," উপস্থিত সাংবাদিকদের জানান টেপকোর মুখপাত্র জুনিচি মাতসুমোতো।
তবে সাবধানতার কারণে ১০ মিনিটের বেশি সময় সেখানে অবস্থান করবে না কর্মীরা। কাজটি ৪/৫ দিনের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। পরমাণু কেন্দ্রটির আশেপাশের ২০ কিলোমিটার জুড়ে মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে আগেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭২৮ ঘ.
bdnews24