২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেন আলি ও তার স্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

তিউনিসিয়ার বিতাড়িত সাবেক প্রেসিডেন্ট জিনে আল-আবেদিন বেন আলি ও তার স্ত্রী লায়লা ত্রাবেলসির বিরুদ্ধে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 08:51 AM

Updated : 24 Aug 2022, 03:01 PM

তিউনিস, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিউনিসিয়ার বিতাড়িত সাবেক প্রেসিডেন্ট জিনে আল-আবেদিন বেন আলি ও তার স্ত্রী লায়লা ত্রাবেলসির বিরুদ্ধে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ আনা হয়েছে। বেন আলির শাসনের বিরুদ্ধে আন্দোলন করার সময় এদের হত্যা করা হয়। তিউনিসিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএপি বুধবার এ খবর জানিয়েছে। বিচারবিভাগীয় এক সূত্রের উদ্ধৃতি দিয়ে টিএপি জানায়, তিউনিসিয়ার মধ্যাঞ্চলীয় শহর কুয়ারদানাইন থেকে বেন আলির ভাগিনা কয়েস বেন আলি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীরা বাধা দেয়, তখন নিরাপত্তাবাহিনীর গুলিতে কমপক্ষে ৪ জন নিহত হয়। জানুয়ারির ১৫ ও ১৬ তারিখের মধ্যবর্তী রাতে ওই ঘটনা ঘটে। এর একদিন আগে মাসব্যাপী ব্যাপক বিক্ষোভের মুখে দেশ ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান ২৩ বছর ধরে তিউনিসিয়া শাসন করা বেন আলি। আরব বিশ্বের সরকার বিরোধী বিক্ষোভের সূচনা তিউনিসিয়া থেকেই শুরু হয়। বেন আলি ও তার স্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগগুলো হচ্ছে, "রাষ্ট্রের আভ্যন্তরীণ নিরপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা" ও "বিশৃঙ্খলা, হত্যা এবং লুটপাটে প্ররোচিত করা"। টিএপি জানায়, কুয়ারদানাইনের ওই ঘটনায় তাদের ভূমিকার জন্য নিরাপত্তাবাহিনীর আরো ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। গতমাসে তিউনিসিয়ার কর্তৃপক্ষ জানায়, বেন আলির বিরুদ্ধে তারা ১৮টি অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে। এরমধ্যে ইচ্ছাকৃতভাবে মানুষ হত্যা, মাদক চোরাচালান ও মাদক ব্যবহারজনিত অভিযোগও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৪৮ ঘ.