২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অরুণাচলের মুখ্যমন্ত্রী হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত

অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী দর্জি খান্দু হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 07:11 AM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী দর্জি খান্দু হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণায় থেকে এ খবর নিশ্চিত করা হয় বলে বিবিসি জানায়। পাঁচদিন আগে ভারত-ভুটান সীমান্তের কাছাকাছি একটি জঙ্গলে দর্জি খান্দুকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ কয়দিনের তল্লাশি শেষে হেলিকপ্টারের ভগ্নাবশেষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তার সহযাত্রী অপর চারজনও মারা গেছেন। হেলিকপ্টারটিতে মুখ্যমন্ত্রী দর্জি খান্দু ছাড়াও তার দেহরক্ষী, দুই পাইলট এবং অপর একজন যাত্রী ছিলেন। শনিবার সকালে তাওয়াং বিমান বন্দর থেকে প্রাদেশিক রাজধানী ইতানগর যাওয়ার পথে হেলিকপ্টারটি নিখোঁজ হয়। সোমবার বিবিসি জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ভারতীয় যুদ্ধবিমানও অভিযানে যোগ দিয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতে অনেক রাজনীতিকই নিহত হয়েছেন। এর আগে ২০০৯ সালে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডিও হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। ১৯৯৭ সালে অরুণাচলে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী এনভিএন সোমু ও দুই ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা নিহত হন। ভারতীয় ক্ষমতাসীন কংগ্রেসের নেতা ৫৬ বছর বয়সী দর্জি খান্দু অরুণাচল প্রদেশের দুইবারের মুখ্যমন্ত্রী। রাজনীতি শুরু করার আগে তিনি সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করতেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রশংসনীয় কাজের জন্য তিনি স্বর্ণপদক পান। অত্যন্ত জনপ্রিয় এই নেতার মৃত্যুতে অরুণাচলজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩০০ ঘ.