ওয়াশিংটন, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়া উপলক্ষে নিউ ইয়র্কের গ্রাউন্ড জিরোতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
প্রেসিডেন্ট বারাক ওবামা ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বুশকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
বুশের কার্যালয় থেকে মুখপাত্র ডেভিড শেরজার বলেন, "ওবামার আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন তিনি (বুশ)। কিন্তু সাবেক প্রেসিডেন্ট হিসেবে এখন তিনি (বুশ) প্রচারের আলো থেকে দূরে থাকতে চান।"
প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার গ্রাউন্ড জিরোতে ৯/১১'র হামলায় নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন এবং ভাষণ দেবেন।
রোববার রাতে (মার্কিন স্থানীয় সময়) বিন লাদেনকে হত্যার অভিযান সফলভাবে সম্পন্ন করার খবর জর্জ বুশকে জানান ওবামা। বুশও এক বিবৃতির মাধ্যমে প্রেসিডেন্ট ওবামা, মার্কিন সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাকে অভিনন্দিত করেন।
বুশের মুখপাত্র শেরজার বলেন, বুশ "সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে এই গুরুত্বপূর্ণ বিজয় আমেরিকার জনগণের সাথে উদযাপন অব্যাহত রেখেছেন।"
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে (টুইন টাওয়ার) হামলা চালায় আল কায়েদার সন্ত্রাসীরা। এতে প্রায় ৩ হাজার মার্কিনি মারা যান।
পরবর্তী সময়ে ওই হামলাস্থলটির নামকরণ করা হয় 'গ্রাউন্ড জিরো'।
ওই হামলার জন্য আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে দায়ী করা হয়।
তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বুশ ওই ঘটনার পর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন। আল কায়েদা ও ওসামা বিন লাদেনকে ধরার জন্য নানা প্রচেষ্টা অব্যাহত রাখেন।
কিন্তু ক্ষমতায় থাকাকালীন তা করে যেতে পারেননি বুশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫১৪ ঘ.
bdnews24