ওয়াশিংটন, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়দা নেতা ওসামা বিন লাদেন যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে নিহত হওয়ার সময় নিরস্ত্র ছিলেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নিকটবর্তী সামরিক শহর অ্যাবোটাবাদের একটি সুরক্ষিত ভবনে রোববার রাতে অভিযান চালিয়ে বিশ্বের 'মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী' ওসামাকে হত্যা করে মার্কিন সৈন্যদের একটি দল।
বিন লাদেন নিহত হওয়ার পর থেকে এ অভিযান নিয়ে নানা ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রচার হতে থাকে। এর পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউজের পক্ষ থেকে মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে এ খবর জানানো হয়।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৈরি ওই বিবৃতিটি পড়ে শোনান হোয়াইট হাউজের মুখপাত্র জে কার্নেই।
বিবৃতিতে বলা হয়, "প্রেসিডেন্টের (ওবামা) নির্দেশে মার্কিন বাহিনীর ছোট্ট একটি দল ইসলামাবাদের সুরক্ষিত একটি ভবনে ওসামা বিন লাদেনকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরার লক্ষ্যে অভিযান চালায়।
"ওই বাড়ির পাশে দুটি পৃথক ভবনে মার্কিন বাহিনী বিন লাদেনের পরিবারসহ আরো দুটি পরিবারের সন্ধান পায়। যে ভবনটিতে একটি পরিবারের সন্ধান পাওয়া যায়, কমান্ডোরা সেই ভবনটি খালি করে ফেলে।"
একই সময় কমান্ডোদের অপর একটি দল বিন লাদের যে ভবনে অবস্থান করছিলেন সেই ভবনের দোতলায় উঠে যায়। ওই দোতলায় কমান্ডোদের 'ক্রসফায়ার'-এ বিন লাদেনের দুই বার্তাবাহকসহ এক নারী নিহত হন বলে বিবৃতিতে জানানো হয়।
এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল, ওই নারীকে মানবঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিলো।
সিনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান ডাইয়ানে ফিন্সটেইন বলেন, ওই নারী সম্ভবত কোনো বার্তাবাহকের স্ত্রী হবেন।
কমান্ডোদের ওই দলটি ভবনটির তিন তলায় বিন লাদেন ও তার পরিবারকে খুঁজে পায়। "বিন লাদেন ধরা দেওয়ার পরিবর্তে প্রতিরোধ গড়বেন, এমনটাই আমাদের ধারণা ছিল", বলেন কার্নেই।
তিনি আরো বলেন, "বিন লাদেনের স্ত্রী বাধা দিতে গেলে তাকে হত্যা না করে পায়ে গুলি করা হয়। এরপরই বিন লাদেনকে গুলি করে হত্যা করা হয়। এ সময় তিনি নিরস্ত্র ছিলেন।"
বিন লাদেনের প্রতিরোধ সম্পর্কে এর বেশি কিছু জানাতে অস্বীকৃতি জানান কার্নেই। তিনি বলেন, "প্রতিরোধের জন্য আগ্নেয়াস্ত্রই প্রয়োজন এমন নয়। আমি নিশ্চিত আরো তথ্য পাওয়া গেলে তা আপনাদের সরবরাহ করা হবে।"
বিন লাদেনের মরদেহের ছবি দেখে মার্কিন এক কর্মকর্তা বলেন, তার (বিন লাদেন) মুখে অন্তত একটি গুলি করা হয়েছে।
বিন লাদেনকে আটক না করে কেন গুলি করা হয়েছে এ বিষয়টির ব্যাখ্যা দিতে গিয়ে মার্কিন কর্মকর্তারা বারবারই বিন লাদেনের প্রতিরোধের প্রসঙ্গ তুলেছেন।
কার্নেই বলেন, "আমরা প্রবল প্রতিরোধের আশঙ্কা করছিলাম। ওই বাড়িতে সশস্ত্র অনেক মানুষ অবস্থানও করছিলো।"
এর আগে সোমবার নামপ্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা ওই অভিযানকে 'হত্যার অভিযান' বলে মন্তব্য করেছিলেন। একইদিন প্রেসিডেন্ট ওবামার সন্ত্রাসবাদ মোকাবেলা বিষয়ক উপদেষ্টা জন ব্রেনান বলেছিলেন, বিন লাদেনের স্ত্রী মানবঢাল হিসেবে ব্যবহৃত হয়েছিলেন এবং নিহত হয়েছেন।
এসব পরস্পরবিরোধী তথ্য সম্পর্কে কার্নেই প্রশাসনিক কর্মকর্তাদের তাড়াহুড়ো করে তথ্য সরবরাহের মনোভাবকেই দায়ী করেছেন।
বিন লাদেনের পরিবার এখন পাকিস্তান কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে, এবং তাদের নিয়ে কী করা হবে, সে সিদ্ধান্ত ইসলামাবাদই নেবে বলে অপর এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০০০ ঘ.
bdnews24