ইসলামাবাদ, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর তার জন্য বিশেষ মোনাজাত করেছেন পাকিস্তানের লস্কর ই-তৈয়বার (এলইটি) প্রতিষ্ঠাতা হাফিজ আল সাঈদ।
মুসলিমদেরকে লাদেনের জন্য দোয়ায় শামিল হওয়ার ডাক দিয়ে তিনি তাদেরকে নতুন করে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
হাফিজ এর এক মুখপাত্র ইয়াহিয়া মুজাহিদ বলেন, লাদেনের জন্য আয়োজিত বিশেষ মোনাজাতে তাকে (লাদেনকে) 'মহান ব্যক্তি' হিসাবে প্রশংসা করেন সাঈদ।
এমন একজন মহান ব্যক্তি বিশ্বব্যাপী মুসলিমদের জন্য উৎসাহ-উদ্দীপনা যোগাবে এবং তাদের চালিকাশক্তি হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।
লাদেনের শহীদান বৃথা যাবে না উল্লেখ করে তিনি বলেন, "শহীদ হওয়াটা মুসলিমদের জন্য ক্ষতিকর নয় বরং গর্বের বিষয়।"
সাঈদের কয়েক হাজার অনুসারী লাদেনের জন্য আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নিয়েছে বলে জানান মুজাহিদ।
উল্লেখ্য, পাকিস্তানের জঙ্গি দল লস্কর ই তৈয়বার সঙ্গে আল কায়েদার সংশ্রব থাকার ধারণা বহু দিন থেকেই করে আসছেন পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষকরা। কিন্তু দলটি বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার জন্য এ দলটিকে দায়ী করা হয়।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০১ ঘ.
bdnews24