জাতিসংঘ, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ন্যাটোর ক্ষেপণাস্ত্র হামলায় গাদ্দাফির ছেলে নিহত হওয়ার প্রতিবাদে ত্রিপোলিতে জাতিসংঘ কম্পাউন্ডে বিক্ষুব্ধদের হামলার মুখে লিবিয়া ছেড়েছে জাতিসংঘের কর্মীরা।
ব্রিটিশ ও ইতালীয় দূতাবাসে বিক্ষোভকারীদের হামলার কারণে ১২ কর্মী ত্রিপোলি ছাড়ে।
জাতিসংঘ মুখপাত্র মার্টিন নেসির্কি শনিবার বলেন, "বিক্ষুব্ধ বেশ কিছু মানুষ জাতিসংঘ কম্পাউন্ডে হামলা চালিয়েছে। ত্রিপোলির সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দেশটি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
শনিবার ত্রিপোলির বাব আল-আজিজিয়া কম্পাউন্ডে ন্যাটোর ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির শাসক মুয়াম্মার গাদ্দাফির এক ছেলে ও তিন নাতির মারা যাওয়ার পর ত্রিপোলিতে ব্রিটেন ও ইতালির দূতাবাসে হামলা হয়।
লিবিয়া সরকারের সঙ্গে দেশটিতে মানবিক ত্রাণ সহায়তা পাঠানোর চুক্তির ভিত্তিতে এপ্রিলে ত্রিপোলি ও বেনগাজিতে কর্মী পাঠায় জাতিসংঘ।
জাতিসংেঘের আরেক মুখপাত্র স্টেফানি বাঙ্কার বলেন, ত্রিপোলি থেকে জাতিসংঘ কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হলেও বেনগাজিতে নিয়োজিত জাতিসংঘ কর্মকর্তারা সেখানে থেকে যাবেন।
১৭ মার্চ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে লিবিয়ায় উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা প্রতিষ্ঠা এবং গাদ্দাফির অনুগত বাহিনীর হাত থেকে বেসামরিক মানুষ রক্ষায় 'প্রয়োজনীয় সব পদক্ষেপ' নেওয়ার একটি প্রস্তাব পাস হয়।
ওই সিদ্ধান্ত বাস্তবায়নে ১৯ মার্চ লিবিয়ায় হামলা চালায় পশ্চিমা যৌথবাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/এলকিউ/২২৪৭ঘ.
bdnews24