২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওসামা বিন লাদেন পাকিস্তানে নিহত

১০ বছর ধরে যাকে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছিলো, সেই ওসামা বিন লাদেন পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সৈন্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে জানিয়েছেন বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 08:17 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ওয়াশিংটন, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১০ বছর ধরে যাকে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছিলো, সেই ওসামা বিন লাদেন পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সৈন্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে জানিয়েছেন বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রোববার রাতে সংবাদ মাধ্যম আল কায়দার শীর্ষ নেতার মৃত্যুর খবর দেয়। এর পরপরই এক টেলিভিশন ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিশ্চিত করেন, বিন লাদেন মারা গেছেন। যুক্তরাষ্ট্র বিন লাদেনকে হত্যার দাবি করলেও এ বিষয়ে আল কায়দার কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিন লাদেনের মৃত্যুর খবরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে উল্লাসের খবর পাওয়া গেছে। তবে বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলোতে সতর্কতাও জারি করা হয়েছে। ওবামা বলেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের বিশেষ একটি সৈন্যদলের সঙ্গে গোলাগুলিতে নিহত হন বিন লাদেন। তার লাশ এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, ইসলামাবাদের আবতোবাদ এলাকায় নিহত হন বিন লাদেন। যুক্তরাষ্ট্রের সৈন্যরা অভিযান শুরু করলে আল কায়দা নেতাও প্রতিরোধ গড়ে তোলেন। তবে যুক্তরাষ্ট্রের কোনো সৈন্য কিংবা বেসামরিক কোনো মানুষ এতে হতাহত হয়নি বলে ওবামা জানান। ওবামা বলেন, "যুক্তরাষ্ট্রের অভিযানে আল কায়েদা নেতা ও সন্ত্রাসী ওসামা নিহত হয়েছে, যে হাজার হাজার নারী-পুরুষ ও শিশুর হত্যার জন্য দায়ী।" বিন লাদেনের মৃত্যু ওবামা ও তার প্রতিরক্ষা বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন বলেই মনে করছে বিশ্লেষকরা। কেননা যুক্তরাষ্ট্রের অনেকেই বিন লাদেনকে খুঁজে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আল কায়দার শীর্ষ নেতাকে জীবিত ও অথবা মৃত ধরার জন্য পুরস্কারের ঘোষণা দেন, কিন্তু তার টিকিটিরও সন্ধান পাওয়া যায়নি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের বিশ্ববাণিজ্য কেন্দ্রে (টুইট টাওয়ার) ওই হামলায় অন্তত ৩ হাজার মানুষ মারা যায়। ওসামার জন্ম ১৯৫৭ সালের ১০ মার্চ। তিনি সৌদি আরবের সম্পদশালী লাদেন পরিবারের একজন সদস্য। সন্ত্রাসী সংগঠন আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামাকে টুইন টাওয়ারে হামলার জন্য দায়ী করা হয়। টুইন টাওয়ারে হামলার পর থেকে বিন লাদেন ও তার সংগঠন আল কায়েদা মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত 'সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ'র প্রধান লক্ষ্যে পরিণত হয়। এরপর থেকে আত্মগোপনে থাকেন লাদেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০৯ ঘ.