ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আল কায়দার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ায় পশ্চিমা বিশ্বের অধিকাংশ নেতাই সন্তোষ প্রকাশ করেছেন। আর বিশ্বের অন্যান্য অনেক দেশই লাদেনের মৃত্যুকে শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক বলে মনে করছে।
লাদেনের মৃত্যু বিশ্বে সন্ত্রাসী তৎপরতার অবসান ঘটাবে বলে মনে করছেন অনেক বিশ্ব নেতা। তবে অনেকেই আবার তার মৃত্যুতে আল কায়েদার প্রতিশোধ প্রবণতা বেড়ে গিয়ে বিশ্ব আরো নিরাপত্তাহীন হয়ে পড়ার আশঙ্কা করছেন।
তবে লাদেনের মৃত্যু শান্তি বা অনিষ্ট যাই ডেকে আনুক না কেনো আপাতত তার মৃত্যুর খবরে উল্লাসেরই চিত্র দেখা গেছে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের গ্রাউন্ড জিরো তে। যেখানে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে আল-কায়েদার হামলায় টুইনটাওয়ার ধ্বংস হয়েছিলো।
ওই হামলার ঘটনার প্রায় ১০ বছর পর লাদেনের মৃত্যুর খবর পাওয়া গেলো। এ খবর শোনামাত্র হোয়াইট হাউসের বাইরে এবং নিউ ইয়র্ক শহরের রাস্তায় নেমে আসতে শুরু করে হাজার হাজার মানুষ। তারা জাতীয় সঙ্গীত গেয়ে শ্যাম্পেন ছিটিয়ে, বিয়ার পান করে আনন্দ উল্লাস করেছে।
নিউ ইয়র্কের টাইমস স্কয়ারেও সমবেত হয়ে একইভাবে উল্লাস করে লোকজন। তাদের কথা ছিলো একটাই-- "আমাদের সবার জন্যই এর প্রয়োজন ছিলো। বিশ্ব থেকে শয়তান দূর হয়েছে।"
রোববার ইসলামাবাদে আমেরিকান সৈন্যদের সঙ্গে গোলাগুলিতে নিহত হন বিন লাদেন। এরপরই বিভিন্ন দেশ থেকে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া আষতে শুরু করে।
আল জাজিরা তাদের প্রতিক্রিয়ার সংশ্লেষণ করেছে:
জর্জ ডব্লিউ বুশ: আমেরিকা, শান্তির সন্ধানে থাকা মানুষ ও ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের সবার জন্যই এ ঘটনাটি একটি বিজয়।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চলতেই থাকবে। তবে আজ যুক্তরাষ্ট্র সুষ্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যত সময়ই লাগুক, ন্যায়বিচার হবেই।
বারাক ওবামা: যুক্তরাষ্ট্র আমার আদেশে আজ এ অভিযান সম্পন্ন করেছে। তারা ওসামা বিন লাদেনকে হত্যা করেছে।
আল কায়েদার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের (যুক্তরাষ্ট্র্রের) সবচেয়ে বড় ঘটনা বিন লাদেনের মৃত্যু।
তবে আমরা আবারো বলছি যে আমরা কখনোই ইসলামের বিরুদ্ধে নই এবং ছিলামও না। বিন লাদেন কোনো মুসলিম নেতা নন, বরং সে অনেক মুসলিমকে নির্মমভাবে হত্যা করেছে।
আমরা আজ আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের ধন্যবাদ জানাই যারা নিরলস পরিশ্রম করেছে, এবং তাদেরকেও যারা এ অভিযান সফল করে তুলেছে।
সবশেষে আমি সেসব পরিবার যারা তাদের প্রিয়জন হারিয়েছে, তাদের বলতে চাই, আমরা তোমাদের ক্ষতি ভুলিনি। আজকের এ অর্জন আরো একবার যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।
ডেভিড ক্যামেরন: ওসামা বিন লাদেন পৃথিবীর সবচেয়ে নৃশংস সন্ত্রাসী তৎপরতাগুলোর জন্য দায়ী। এসব ঘটনায় হাজার হাজার মানুষ মারা গেছে, যাদের মধ্যে অনেক ব্রিটিশও রয়েছেন।
এটা খুবই বড় ব্যাপার যে বিন লাদেনকে খুঁজে পাওয়া গেছে এবং সে আর কখনো বিশ্বে সন্ত্রাসবাদ ছড়িয়ে দিতে পারবে না। এটা সারা পৃথিবীর মানুষের জন্যই স্বস্তির খবর।
বেনিয়ামিন নেতানিয়াহু (ইসরায়েলি প্রধানমন্ত্রী): সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে থাকা গণতান্ত্রিক দেশগুলো, তাদের স্বাধীনতা ও ন্যায় বিচারের প্রতি তাদের আস্থা দেখেই বলা যায়, এ ঘটনা তাদের জন্য একটি বিশাল বিজয়।
মাইকেল ব্লুমবার্গ (নিউ ইয়র্ক সিটি মেয়র): ওসামা বিন লাদেনের হাতে যে দুদর্শা ভোগ করেছে নিউ ইয়র্ক শহরবাসী এবং মার্কিনিরা, তার কাছে তার নিহত হওয়ার ঘটনা কিছুই না। তবে আমাদের জাতির জন্য এটি অনেক বড় এক অর্জন।
আমাদের সামরিক বাহিনীর যেসব সদস্য বিশ্বের বিভিন্ন স্থানে লড়ছে, তাদের জন্য এটি শ্রদ্ধাজ্ঞাপনের উপলক্ষ্য।
নিউ ইয়র্কবাসীরা প্রায় ১০ বছর ধরে এ দিনটির জন্য অপেক্ষা করছে। আমি আশা করি, যারা ২০০১ সালে ১১ সেপ্টেম্বর যারা প্রিয়জনদের হারিয়েছেন, তাদের জন্য এ খবরটি কিছুটা সান্ত্বনা বয়ে আনবে।
রেমন্ড কেলি (নিউ ইয়র্ক পুলিশ কমিশনার): ২০০১ সালে প্রিয়জন হারানো মানুষদের জন্য বিন লাদেনের নিহত হওয়ার খবর একটি কাক্সিক্ষত মাইলফলক।
রবার্ট ফিস্ক (সাংবাদিক): ওসামা বিন লাদেন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ছিলেন, তবে কোনো স্থানে লুকানো 'কম্পিউটার গুহা'য় বসে সংগঠনের নেতৃত্ব দিচ্ছে বলে যে ধারণা রয়েছে, তা সম্পূর্ণ গাঁজাখুরি।
তার বেশিরভাগ সময় পেরিয়েছে লুকিয়ে থেকে, না হয় যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের হাত থেকে পালিয়ে বেড়াতে।
আমার কখনো মনে হয়নি তিনি আফগানিস্তানে বেশিদিন অবস্থান করবেন, কারণ পাকিস্তানেই তিনি বেশি নিরাপদ বোধ করতেন। বিন লাদেন খুবই জনপ্রিয় ছিলেন।
তিনি পশ্চিমা বিশ্ব সম্পর্কে এমন কিছু কথা বলেছেন, যা দেশগুলোর স্বৈরশাসকরা বলবেন না। তিনি পশ্চিমা বিশ্বকে ক্রমাগত তিরস্কার করেছেন। এসব কিছুই করেছেন একটি গুহায় বসে থেকে।
ইমরান খান (সাবেক ক্রিকেটার, পাকিস্তানি রাজনীতিক): আমি মনে করি, যেহেতু বিন লাদেন মারা গেছেন, তাই এখন পাকিস্তানে মার্কিন বাহিনীর অভিযানের কোনো যুক্তি নেই।
বিশ্ব নেতারা যখন একের পর এক লাদেনের মৃত্যু নিয়ে তাদের প্রতিক্রিয়া জানাচিচ্ছলেন তখন প্রায় নিশ্চুপ ছিলো উপসাগরীয় আরব দেশগুলো এমনকি লাদেনের জন্মস্থান সৌদি আরবও।
লাদেনের মৃত্যুর অনেকক্ষণ পর প্রথম সরকারি ভাবে প্রতিক্রিয়া জানায় ইয়েমেন। লাদেনের মৃত্যু বিশ্ব থেকে সন্ত্রাসের মূলোৎপাটন করবে বলে জানান ইয়েমেনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।
ওদিকে, ফিলিস্তিন কর্তৃপক্ষ জানায়, লাদেনের মৃত্যু বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ফলদায়ক। তবে ফিলিস্তিনি গেরিলা দল হামাস লাদেন হত্যার নিন্দা জানিয়েছে।
লাদেনের মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত।
লাদেনের মৃত্যুতে আল কায়দা হামলার আশঙ্কা এবং যে বিলাসবহুল কম্পাউন্ডে লাদেনের মৃতদেহ পাওয়া গেছে সেই জায়গা সন্ত্রাসীদের আশ্রয়স্থল হয়ে উঠতে পারে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত।
আল কায়েদার প্রতিশোধ হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অধিকাংশ দেশই সতর্কবস্থায় রয়েছে। ফ্রান্স রেড এলার্ট জারি করেছে। যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যাপী বিভিন্ন দেশে তার নাগরিকদের সতর্ক করে দিয়েছে। জাপান তাদের সামরিক ঘাঁটিগুলোতে নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /পিকেএস/এলকিউ/১৭৫৫য
bdnews24