ওয়াশিংটন, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুর পর টুইন টাওয়ারে হামলায় নিহতদের স্মরণ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এর মধ্য দিয়ে ন্যায়বিচার হলো।
রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সৈন্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে ওসামা নিহত হন বলে প্রথমে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়। এর পরপরই এক টেলিভিশন ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিশ্চিত করেন আল কায়দার শীর্ষ নেতার মৃত্যুর খবর।
ওবামা বলেন, "আমাদের সৈন্যদের এক অভিযানে বিন লাদেন নিহত হয়েছেন, যিনি ছিলেন একজন সন্ত্রাসী এবং হাজার হাজার মানুষ হত্যার জন্য দায়ী।"
বিন লাদেনের মৃত্যুর খবর পেয়ে রাতেই যুক্তরাষ্ট্রের কয়েকশ লোক জড়ো হয় ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে। তাদের কণ্ঠে স্লোগান ছিলো- "ইউএসএ, ইউএসএ"।
শত শত লোক জড়ো হয় নিউ ইয়র্কের গ্রাউন্ড জিরোতেও। ২০০১ এর হামলায় নিহতদের স্মরণ করেন তারা। হামলার আগে সেখানেই দাঁড়িয়ে ছিলো টুইন টাওয়ার।
বিন লাদেনের মৃত্যুর প্রতিক্রিয়ায় নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ বলেন, এর মধ্য দিয়ে হামলায় নিহতদের পরিবারগুলো সান্ত্বনা খুঁজে পাবে।
ইসলামাবাদের আবতোবাদ এলাকায় নিহত হন বিন লাদেন। যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সৈন্যদল অভিযান চালালে আল কায়দা নেতাও প্রতিরোধ গড়ে তোলেন বলে ওবামা জানান। তবে যুক্তরাষ্ট্রের কোনো সৈন্য কিংবা বেসামরিক কোনো মানুষ এতে হতাহত হয়নি।
বিন লাদেনের মরদেহ যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছে বলে তিনি জানান। মার্কিন বাহিনী জানিয়েছে, ইসলামী প্রথা মেনেই বিন লাদেনের মরদেহ হস্তান্তর হবে।
সংগঠনের শীর্ষ নেতা নিহত হওয়ার বিষয়ে আল কায়দার কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সৌদি বংশোদ্ভুত ওসামার মরদেহ কাকে দেওয়া হবে, তা এখনো নিশ্চিত হয়। ২০০১ সালে টুইন টাওয়ারে হামলার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। এফবিআই'র মোস্ট ওয়ান্টেড তালিকায় তার নাম ছিলো সবার ওপরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০৫৫ ঘ.
bdnews24