২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা হস্তান্তর চুক্তিতে সই করেননি সালেহ

ক্ষমতা হস্তান্তর চুক্তিতে সই করেননি ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2011, 08:48 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

সানা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্ষমতা হস্তান্তর চুক্তিতে সই করেননি ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ। বিরোধী জোটের নেতা সুলতান আল-আতওয়ানি শনিবার রয়টার্সকে বলেন, চুক্তিতে সালেহর সই ছাড়াই জিসিসির মহাসচিব আব্দুললতিফ আল-জায়ানি ইয়েমেন ছেড়েছেন। তবে চুক্তিতে সালেহ কেন সই করেননি সে ব্যাপারে কিছু বলেননি কর্মকর্তারা। আরব উপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক জোট গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) ওই সমঝোতা প্রস্তাব অনুযায়ী চুক্তিতে প্রেসিডেন্ট ও বিরোধীদের সই করার এক মাসের মধ্যে ভাইস প্রেসিডেন্টের কাছে ক্ষমতা ছাড়ার কথা ছিলো সালেহর। সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতার নির্দেশ দেওয়ার অভিযোগে সালেহকে বিচারের মুখোমুখি করা হবে না- জিসিসির প্রস্তাবে এ শর্ত থাকায় তাতে সই করতে রাজি হয়েছিলেন সালেহ। শনিবার ইয়েমেনের রাজধানী সানায় চুক্তিতে সই করার কথা ছিলো সালেহর। আর রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে তাতে সই করার কথা ছিলো বিরোধীদের। তবে চুক্তি সই অনুষ্ঠানে জিসিসির সদস্য রাষ্ট্র কাতারের প্রতিনিধির অংশগ্রহণের ব্যাপারে আপত্তি তোলেন সালেহ। জিসিসির বৈঠকে কাতারই প্রথম আনুষ্ঠানিকভাবে ক্ষমতা থেকে সালেহর সরে দাঁড়ানোর দাবি তোলে। তাছাড়া কাতার ভিত্তিক আল-জাজিরা টেলিভিশন মধ্যপ্রাচ্যে সরকারবিরোধী বিক্ষোভ উস্কে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিউনিসিয়া ও মিশরের গণবিক্ষোভে অনুপ্রাণিত হয়ে প্রেসিডেন্ট সালেহর ৩৩ বছরের শাসনাবসানের দাবিতে ইয়েমেনে বিক্ষোভ শুরু হয়। তিন মাস ধরে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনী ও সরকার সমর্থকদের সহিংসতায় ১৪৪ জন নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি /এএইচ/১৪৩৩ ঘ.