তুস্কালুসা, অ্যালাবামা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
বুধবারের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয় দক্ষিণাঞ্চলীয় ছয়টি অঙ্গরাজ্য। ঝড়ে এ পর্যন্ত ৩৪২ জনের মৃত্যু নিশ্চিত করেছে জরুরি পরিস্থিতি মোকাবেলায় নিয়োজিত কর্মীরা।
শনিবার অ্যালাবামা অঙ্গরাজ্য সফর করেন প্রেসিডেন্ট ওবামা। ঝড়ে এ অঙ্গরাজ্যটিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
তিনি বলেন, এমন ধ্বংসযজ্ঞ আগে কখনো দেখিনি। এটা হৃদয়বিদারক।
"পুনর্গঠনে আমরা সব ধরনের সহায়তা করবো।"
এ সময় ওবামার স্ত্রী মিশেল ও অ্যালাবামার গভর্নর রবার্ট বেন্টলিও তার সঙ্গে ছিলেন।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তারা শনিবার সকালে বলেছেন, কেবল অ্যালাবামা অঙ্গরাজ্যে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪ হয়েছে। এছাড়া টেনেসিতে ৩৪, মিসিসিপিতে ৩৩, জর্জিয়ায় ১৫, ভার্জিনিয়ায় ৫ জন, আরাকানসাসে ১ জন নিহত হয়েছে।
একদিনের ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যার বিচারে এটা যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক।
২০০৫ সালে যুক্তরাষ্ট্রে হারিকেন ক্যাটরিনার আঘাতের পর বুধবারের এ ঝড় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণকারী প্রতিষ্ঠানগুলো বলছে, ঝড়ে দুইশ' থেকে পাঁচশ' কোটি ডলার মূল্যের সম্পদের ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/১৯১২ ঘ.
bdnews24