ব্রাসেলস, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার মিসরাতা বন্দর ঘিরে মাইন পাতছে গাদ্দাফি বাহিনী। অবরুদ্ধ মিসরাতা শহরে মানবিক সহায়তা নিয়ে কোনো জাহাজ যেন প্রবেশ করতে না পারে সেজন্য মাইনের ফাঁদ পাতা হচ্ছে বলে অভিযোগ করেছে নর্থ আটলান্টিক টিট্রি অর্গানাইজেশন (ন্যাটো)।
ন্যাটোর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন, মিসরাতা বন্দরের অদূরে ভূমধ্যসাগরে পশ্চিমা যৌথবাহিনী মাইন পাতার কাজে ব্যবহৃত কয়েকটি ছোট ছোট নৌকা আটক করেছে।
"শুক্রবার সকালে দূর সাগরে সন্দেহজনক কোনোকিছুর উপস্থিতি নজরে পড়ে। পরে বোঝা যায় এগুলো জলযান। এগুলোর সাহায্যে বন্দরের কাছে মাইন পাতা হচ্ছিল। আমরা অনুমান করছি এরা গাদ্দাফি বাহিনীর সদস্য", উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন ন্যাটোর লিবিয়া অভিযানের পরিচালক ব্রিগেডিয়ার রব ওয়েগহিল।
"এটি গাদ্দাফি সরকারের আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করার আরেকটি পরিষ্কার নিদর্শন", বলেন বৃটিশ ওই কর্মকর্তা।
মধ্য ফেব্রুয়ারি থেকে বিদ্রোহীদের সাথে যুদ্ধরত গাদ্দাফি বাহিনী মিসরাতার দখল ফিরে পেতে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে। মিসরাতা লিবিয়ার পশ্চিমাংশে বিদ্রোহীদের দখলে থাকা একমাত্র বড় শহর।
ওয়েগহিল জানান, গাদ্দাফি বাহিনীর ওপর ন্যাটোর হামলার ফলে যুদ্ধে বিদ্রোহীরা এখন সুবিধাজনক অবস্থানে রয়েছে।
বিদ্রোহীরা নব উদ্যমে যুদ্ধ করছে বলে জানান তিনি।
ন্যাটো জানায়, গাদ্দাফি বাহিনীর সদস্যরা মাইন পাতার জন্য পাতলা রাবারের নৌকা ব্যবহার করছিল।
বন্দর ঘিরে মাইন পাতার কাজে গাদ্দাফি বাহিনী সফল হলে মিসরাতা বন্দর কর্তৃপক্ষ বন্দরটি বন্ধ করে দিতে বাধ্য হত। এতে শহরটি পুরোপুরি গাদ্দাফি বাহিনীর অবরোধের ভেতর চলে যেত।
আর অবরুদ্ধ শহরটির বাসিন্দাদের জন্য জরুরি ত্রাণবাহী দুটি জাহাজ মিসরাতা বন্দরে যাতায়াত বন্ধ করে দিতে বাধ্য হতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৪৬ ঘ.
bdnews24