অ্যালাবামা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে এ সপ্তাহে মৌসুমি ঝড় ও টর্নেডোয় অন্তত ৩০৬ জন মানুষের প্রাণহানি হয়েছে। এর মধ্যে শুধু অ্যালাবামাতেই মারা গেছে ২০৪ জন।
প্রাথমিক হিসাবে অন্যান্য অঙ্গরাজ্যের মধ্যে মিসিসিপিতে ৩৩ জন, জর্জিয়ায় ১৪ জন, আরাকানসাসে ১১ জন, টেনিসিতে ৩৪ জন, ভার্জিনিয়ায় ৮ জন, লুইজিয়ানায় ২জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে অ্যালাবামাসহ আরকানসাস, মিসিসিপি ও টেনিসিতে।
গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় বুধবার তান্ডব ঘটিয়েছে অ্যালাবামায়।
ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যালাবামার কেন্দ্রস্থলসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। এতে প্রাথমিকভাবে ৬১ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।
বৃহস্পতিবার অ্যালাবামার রাজ্য গভর্নর রবার্ট বেন্টলে'র কার্যালয় নিহতের সংখ্যা বেড়ে ১২৮ জন হওয়ার কথা জানান। পরে তা আরো বেড়ে দাঁড়িয়েছে ২০৪ জনে।
অ্যালাবামা জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানায়, ফ্র্যাংকলিন কাউন্টিতে ১৮ জন, তুস্কালোসা শহরে অন্তত ১৫ জন এবং জেফারসন কাউন্টিতে ১১ জন নিহত হয়েছে।
প্রেসিডেন্ট বারাক ওবামা এ রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করে কেন্দ্রীয় সাহায্যের নির্দেশ দিয়েছেন।
ঝড়ে সব মিলে নিহতের সংখ্যা ৩০৬ জনে দাঁড়িয়েছে। ইতোমধ্যেই উদ্ধারকাজ শুরু হওয়ায় অ্যালাবামা এবং মিসিসিপিতে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
প্রায় চার দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে এটিই সবচেয়ে ভয়াবহ দুর্যোগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/এলকিউ/১৫২৪ ঘ.
bdnews24