আম্মান, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নের অভিযোগের ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছতে ব্যর্থ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এদিকে, সিরিয়ার ক্ষমতাসীন বাথ পার্টি থেকে ২ শতাধিক সদস্য পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
সিরিয়ায় চলমান সহিংতার পরিপ্রেক্ষিতে নিন্দা জানিয়ে ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ও পর্তুগাল একটি খসড়া বিবৃতি তৈরি করে। কিন্তু রাশিয়াসহ ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের বৈঠকে অনেক রাষ্ট্র সেটি প্রত্যাখ্যান করেছে।
রাশিয়া মনে করে, সিরিয়ার যা ঘটছে তা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য কোনো হুমকি নয়।
সিরিয়ার ঘটনায় রাজনৈতিক সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের পক্ষে মত দিয়েছে চীন এবং ভারত। কিন্তু তারাও নিন্দা জানানো বিপক্ষে অবস্থান নেয়।
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার পাঙ্কিন বলেন, "সিরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতিকে কেন্দ্র করে বাইওে থেকে আঞ্চলিক নিরাপত্তার ওপর হুমকির সৃষ্টি হতে পারে, জোর করে কৃত্রিমভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চালালে তা ঘটতে পারে।"
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সিরিয়ার দমন-পীড়ন ও হত্যাকা-ের ঘটনাকে অতিরঞ্জন বলে দাবি করেছেন
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফারি।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন সিরিয়ার ঘটনায় স্বচ্ছ ও স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন।
এদিকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের এই দমন-পীড়নের প্রতিবাদে ক্ষমতায় থাকা বাথ পার্টির ২শ'রও বেশি সদস্য পদত্যাগ করেছে বলে জানা গেছে। পদত্যাগী সবাই দেরা প্রদেশসহ আশপাশের অঞ্চলের।
বুধবার দেরায় বিক্ষোভ দমনে ট্যাংক অভিযানের পর ক্ষমতাসীন দলের ওই সদস্যরা পদত্যাগ করেন।
মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে, দেরায় বুধবার নিরাপত্তা বাহিনীর ট্যাংক অভিযানে অন্ততপক্ষে ৩৫ জন নিহত হয়েছে।
প্রেসিডেন্ট আসাদ দেরার বিক্ষোভ দমনে সোমবার সেনাবাহিনীতে তার অতিঅনুগত ফোর্থ ম্যাকানাইজড ডিভিশনকে পাঠায়। এই ডিভিশনের প্রধান প্রেসিডেন্ট আসাদের ভাই মাহের।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক দেরার সরকারবিরোধী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব জানান, অন্য ইউনিট থেকে আসা অনেক সেনাই সাধারণ নাগরিকদের ওপর গুলি চালাতে অস্বীকৃতি জানান।
মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করছে, প্রায় দেড়মাসেরও বেশি সময় ধরে সিরিয়ার সরকারবিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্ততপক্ষে ৪৫০ জন নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৫৪ ঘ.
bdnews24