আবিদজান, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আইভরি কোস্টে সাবেক প্রেসিডেন্ট ল্যরাঁ বাগবো ও তার স্ত্রীসহ সংশ্লিষ্ট আরো ১শ জনের বিরুদ্ধে অপরাধ তদন্ত শুরু হয়েছে। বুধবার একথা জানিয়েছে আইভরি কোস্টের নতুন সরকার।
সরকারের মুখপাত্র প্যাট্রিক আচি বুধবার জানান, বাগবো, তার স্ত্রী এবং ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।
তিনি অভিযোগগুলোর ব্যাপারে বিস্তারিত কিছু জানান নি। "প্রধান অভিযোগগুলো কি তা বলতে পারব না। এটি আদালতের কাজ" বলেন, আচি।
তবে বাগবো ও তার সমর্থকদের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে।
নভেম্বরের নির্বাচনে আলাসানে ওয়াত্তারার কাছে হেরে যাওয়ার পরও বাগবো ক্ষমতা আঁকড়ে থাকার জন্য সেনাবাহিনীকে কাজে লাগানোর কারণে তার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
গত ২৮ নভেম্বরের নির্বাচনে ওয়াত্তারা নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানান বাগবো।
ফলে দেশটি গত দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাতের মুখোমুখি হয়। বাগবো ও ওয়াত্তারার সমর্থকদের মধ্যে সরাসরি এ সংঘাতে কয়েক হাজার মানুষ হতাহত হয়েছে বলে মনে করা হচ্ছে।
গত ১১ এপ্রিল রাজধানী আবিদজান থেকে বাগবো, তার স্ত্রী সিমোনসহ আরো ১২০ জনের বেশি সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
বাগবো ও তার স্ত্রীকে দেশের উত্তরাঞ্চলের দুটি পৃথক শহরে গৃহবন্দী করে রাখা হয়েছে। তবে তাদের সঙ্গে গ্রেপ্তার হওয়া অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে।
ওয়াত্তারার সরকার এখনো অস্ত্র ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানানো বাগবোর সমর্থকদের প্রতিরোধের মুখে পড়ছে। তবে দেশটির বেশ কয়েকজন সেনা ও জেষ্ঠ্য কর্মকর্তা ওয়াত্তারা সরকারের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে।
মঙ্গলবার দেশটির সশস্ত্র বাহিনীর সাবেক প্রধান জেনারেল ম্যাথিয়াস সর্বশেষ ওয়াত্তারার সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। আবিদজানের গল্ফ হোটেলে প্রেসিডেন্ট ওয়াত্তারার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
নির্বাচন পরবর্তী সংঘাত শুরু হলে গল্ফ হোটেলেই নিজ সরকারী কার্যালয় স্থাপন করেন ওয়াত্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/২০০৭ঘ.
bdnews24