২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুল বিমানবন্দরে গুলিতে ৮ বিদেশি সেনা নিহত: ন্যাটো

কাবুলের বিমানবন্দরে বুধবার আফগান বিমান বাহিনীর এক পাইলটের সঙ্গে বিদেশি সেনাদের বচসার এক পর্যায়ে গুলিতে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (আইএসএএফ) ৮ সেনা নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 10:05 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

কাবুল, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- কাবুলের বিমানবন্দরে বুধবার আফগান বিমান বাহিনীর এক পাইলটের সঙ্গে বিদেশি সেনাদের বচসার এক পর্যায়ে গুলিতে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (আইএসএএফ) ৮ সেনা নিহত হয়েছে। সংক্ষিপ্ত এক বিবৃতিতে আইএসএএফ জানায়, গুলিতে ৮ সেনা এবং একজন ঠিকাদার নিহত হয়েছে। তার পরিচয় জানা যায়নি। নিহত সেনাদের পরিচয় কিংবা ঘটনার কোনো বিস্তারিত বিবরণও বিবৃতিতে দেওয়া হয়নি। এর আগের খবরে জানানো হয়, বিমানবন্দরে আফগান বিমান বাহিনীর কম্পাউন্ডে ঘটনাটি ঘটে। এতে ৬ সেনা নিহত হওয়ার কথা জানায় আইএসএএফ। আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রণালয় এবং ন্যাটোর মুখপাত্র দুইই তাৎক্ষণিকভাবে এ খবর নিশ্চিত করেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তারা। 'আইএসএএফ' এর মুখপাত্র এ ঘটনায় কয়েকজন নিহত হওয়ার কথা জানালেও ঘটনার সূত্রপাত কি থেকে তা জানাতে পারেননি। আফগান প্রতিরক্ষামন্ত্রণালয় কেবল জানায়, পাইলট এবং বিদেশি সেনাদের মধ্যে বিরোধের জেরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। আফগান কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, কাবুল বিমানবন্দরে বিদেশি সেনাদের সঙ্গে তর্কাতর্কির পর তাদের ওপর গুলি ছোড়েন আফগান বিমান বাহিনীর পাইলট। এতে কয়েকজন নিহত এবং আহত হয়। উল্লেখ্য, এর আগের মাসেও আফগান সীমান্তের এক পুলিশ ফারিয়াব প্রদেশে প্রশিক্ষণ মিশনে থাকাকালে দুজন বিদেশি সেনাকে গুলি করে হত্যা করে। বিগত বছরগুলোতেও আফগান বাহিনীর হাতে বিদেশি সেনা নিহতের ঘটনা ঘটেছে। বিদেশি বাহিনীর হাত থেকে নিরাপত্তাভার আফগান বাহিনীর হাতে হস্তান্তরের সময় ঘনিয়ে আসছে। ফলে আফগান বাহিনীতে আশু জনবল বাড়ানোর যে চেষ্টা চলছে তাতে আফগান পুলিশ ও আর্মিতে তালেবান সমর্থকদের অনুপ্রবেশ ঘটার আশঙ্কা বাড়ছে। বুধবারের গুলির ঘটনাটি বিদেশি সেনাদের ওপর দুর্বৃত্ত আফগান সেনা কিংবা সেনা পোশাকধারী তালেবান আক্রমণের আরেকটি বড় ধরনের ঘটনা। বিডিনিউজন টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫৬ঘ.