২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাসার নভোযান উৎক্ষেপনের অনুষ্ঠানে থাকবেন ওবামা

নাসার পরবর্তী মহাকাশ মিশনে যাত্রারত 'এনডেভার' নভোযানের উৎক্ষেপন অনুষ্ঠানে উপস্থিত থাকার পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ তথ্য জানান ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 09:48 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ওয়াশিংটন, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-নাসার পরবর্তী মহাকাশ মিশনে যাত্রারত 'এনডেভার' নভোযানের উৎক্ষেপন অনুষ্ঠানে উপস্থিত থাকার পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ তথ্য জানান । আগামী ২৯ এপ্রিল ফ্লোরিডার কেপ কেনার্ভাল মহাকাশ কেন্দ্র থেকে মহাশূন্যের উদ্দেশ্যে যাত্রা করবে নভোযান 'এনডেভার'। চলতি বছর থেকে মহাশূন্যে 'শাটল' বহরের অভিযান বন্ধ করার পরিকল্পনা করেছে নাসা। আগামী ২৯ এপ্রিল এনডেভার শেষ বারের মত মহাশূন্য অভিযানে যাবে। এরপর এনডেভার এর জায়গা হবে জাদুঘরে। আগামী জুনে শাটল বহরের শেষ মহাকাশযান 'আটলান্টিস' মহাশূন্য অভিযানে যাবে। ওই অভিযানের মধ্যদিয়েই শেষ হবে নাসার 'শাটল' যুগ। কিছুদিন আগে মিশন শেষ করা নভোযান 'ডিসকভারি' এবং এ দুটি নভোযান, প্রদর্শনীর জন্য রাখা হবে ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া এবং ভার্জিনিয়ার জাদুঘরে। 'এনডেভার' এর সকল অভিযাত্রীদের নেতৃত্বে রয়েছেন মার্ক কেলি। তিনি যুক্তরাষ্ট্র কংগ্রেসে আরিজোনার ডেমোক্রেট দলীয় প্রতিনিধি গ্যাব্রিয়েল গিফোর্ডের স্বামী। জানুয়ারির ৮ তারিখে গ্যাব্রিয়েল গিফোর্ড আরিজোনার টাকসনে এক আততায়ীর গুলিতে মারাত্মকভাবে আহত হন। ওই হামলার ঘটনায় ছয় জন নিহত হয় ও আরো ১২জন আহত হয়। বর্তমানে তিনি সুস্থ্য হয়ে উঠছেন। জানুয়ারিতে গোলাগুলির ঘটনায় আহত হওয়ার পর গিফোর্ডকে আর জনসম্মুখে দেখা যায়নি। তবে ডাক্তারদের অনুমতি নিয়ে তিনি উৎক্ষেপন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পরিকল্পনা করেছেন বলে কেলি জানিয়েছেন। ওবামা থাকছেন, হোয়াইট হাউজের কর্মকর্তা এটি নিশ্চিত করার পর গিফোর্ডের উল্লসিত কর্মীরা টুইটারে লিখেছেন, "আমরা খুবই খুশি মার্কের যাত্রার সময় উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট ওবামা"। এই নভোযানের প্রথমিক উদ্দেশ্য মহাশূন্যে ২'শ কোটি ডলারের আলফা ম্যাগনেটিক স্পেকট্রোমিটার (এএমএস) স্থাপন করা। এএমএস একটি পারমাণবিক কণা শনাক্তকারী যন্ত্র যা মহাশূন্যে ডার্ক ম্যাটার, এন্টিম্যাটার (প্রতিপদার্থ) ও অন্যান্য চাঞ্চল্যকর প্রপঞ্চ শনাক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এবি/১৫৪৫ ঘ.