ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিব্বতের নির্বাসিত সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ লবস্যাং সাঙ্গে। তিব্বতের প্রশ্নে দালাইলামা যে রাজনৈতিক ভূমিকা পালন করে আসছেন তিনি এখন সেই দায়িত্ব নেবেন।
বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা তিব্বতিদের ভোটে লবস্যাং নির্বাচিত হয়েছেন। তিনি ৫৫ শতাংশ ভোট পেয়েছেন বলে বিবিসি জানায়।
নির্বাচনে তিনি তেনজিন তেতঙ্গ ও তাসহি ওংদিকে পরাজিত করেন।
গত মার্চে দালাইলামা ঘোষণা করেন, নির্বাচিত কারো হাতে এই রাজনৈতিক দায়িত্ব তিনি অর্পণ করতে চান।
গত মার্চে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর বুধবার ভারতের ধর্মশালায় ফলাফল প্রকাশ করা হলো। ধর্মশালাতেই তিব্বতের নির্বাসিত সরকার আশ্রয় নিয়েছে।
নির্বাচন কমিশনার জামপাল থস্যাং বলেন, "তিব্বতের কেন্দ্রীয় প্রশাসন পবিত্র দালাইলামার বরাত দিয়ে ড. লবস্যাং সাঙ্গেকে তৃতীয় কালোন ত্রিপা (প্রধানমন্ত্রী) হিসেবে ঘোষণা করছে।"
বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ৮৩ হাজার ৪শ' তিব্বতি ভোটার রয়েছেন। তাদের মধ্যে ৪৯ হাজার ভোটার ভোট দিয়েছেন।
যুক্তরাষ্ট্রে দালাইলামার সাবেক প্রতিনিধি তেনজিন তেতঙ্গ ৩৭ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন। অপর প্রার্থী নির্বাসিত সরকারের বুরোক্রাট তাসহি ওংদি পেয়েছেন ৬ দশমিক ৪ শতাংশ ভোট।
নবনির্বাচিত তিব্বতের প্রধানমন্ত্রী ৪২ বছর বয়সী লবস্যাং ভারতে জন্মগ্রহণকারী একজন আইন বিশেষজ্ঞ। তিনি কখনোই তিব্বতে থাকেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৩৪ ঘ.
bdnews24