নিউইয়র্ক, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে অপরাধী মনে করে না বেশিরভাগ মানুষ। পাশাপাশি অধিকাংশ মানুষ মনে করে, গোপন দলিল প্রকাশের জন্য তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রর অভিযোগ আনা ঠিক হবে না।
বিশ্বের ২৪টি দেশে পরিচালিত এক অনলাইন জরিপ থেকে এই ফলাফল পাওয়া গেছে।
ইপসোস পরিচালিত এই জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৭৯ ভাগই উইকিলিকস সম্পর্কে জানেন। তাদের দুই-তৃতীয়াংশ মনে করেন, অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের অভিযোগ দায়ের ঠিক হবে না।
অবশ্য জরিপে অংশ নেওয়া আমেরিকানদের দৃষ্টিভঙ্গি বেশ জটিল। তাদের ৮১ ভাগই উইকিলিকস সম্পর্কে জানেন। ৬৯ ভাগ মনে করেন, অ্যাসাঞ্জকে বিচারের মুখোমুখি করা উচিৎ।
যুক্তরাষ্ট্রের ৬১ ভাগ অংশগ্রহণকারী উইকিলিকসের লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রত্যাখ্যান করেছেন।
অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের আইনি ব্যবস্থা নেওয়ার পক্ষে দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ভারত ও ইন্দোনেশিয়ার নাগরিকরা থাকলেও থাকলেও এতে অনীহা রয়েছে দক্ষিণ আফ্রিকা, জার্মানি, রাশিয়া ও আর্জেন্টিনার নাগরিকদের।
ইপসোসের এই জরিপে ১৮ হাজার ৮শ' ২৯ জন প্রাপ্তবয়স্ক মানুষ অংশ নেয়। ২ থেকে ১৪ মার্চ পর্যন্ত অনলাইনে এ জরিপ চালানো হয়।
যে সব দেশের মানুষ এ জরিপে অংশ নিয়েছে, সেগুলো হলো- আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, হাঙ্গেরি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, পোল্যান্ড, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, তুরস্ক ও যুক্তরাষ্ট্র।
ইরাক ও আফগানযুদ্ধসহ যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন নথি অনলাইনের মাধ্যমে প্রকাশ করে দিয়ে বিশ্বব্যাপী হৈ চৈ ফেলে দেয় উইকিলিকস। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের রোষানলে পড়ে ওয়েবসাইটির প্রতিষ্ঠাতা অস্ট্রেলীয় নাগরিক কম্পিউটার বিশেষজ্ঞ অ্যাসাঞ্জ।
অ্যাসাঞ্জের বিরুদ্ধে সুইডেনের আদালতে যৌন হয়রানির মামলা রয়েছে। বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানকারী অ্যাসাঞ্জকে সুইডেন বিচারের জন্য দেশে নিয়ে যেতে চায়। কিন্তু অ্যাসাঞ্জ সুইডেন যেতে চান না। এ নিয়ে যুক্তরাজ্যে আইনি লড়াই চালাচ্ছেন অ্যাসাঞ্জ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০২৩ ঘ.
bdnews24