কায়রো, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আরব দেশগুলোতে গণতন্ত্রপন্থি বিক্ষোভ শক্তি প্রয়োগ করে দমনাভিযানের নিন্দা জানিয়েছে আরব লীগ। মঙ্গলবার আরব লীগ বলেছে, এ ধরনের বিক্ষোভ বুলেট নয়, সমর্থন লাভের দাবি রাখে।
ওদিকে, সিরিয়ায় সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় নেতারা। ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজির সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি বলেন, "আমরা সিরিয়াকে শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংস পন্থায় দমনাভিযান বন্ধের জোর আহ্বান জানাচ্ছি।"
মধ্যপ্রাচ্যজুড়ে স্বাধীনতা ও গণতন্ত্রের দাবিতে আন্দোলনের যে জোয়ার বইছে সে সম্পর্কে বিরল এক বিবৃতিতে ২২ সদস্যের আরব লীগ বলেছে, তারা আগামী মাসের নির্ধারিত বৈঠকে এই মারাত্মক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রীদের অনুরোধ জানাবে।
বিবৃতিতে আরব লীগ শক্তি প্রয়োগ করে গণতন্ত্রপন্থি আন্দোলনের নিন্দা জানিয়ে বলেছে, "জনগণের স্বাধীনতা ও গণতন্ত্রের দাবি সমর্থন পাওয়ার যোগ্য, তা বিক্ষোভকারীদের বুকে বুলেটবিদ্ধ হওয়ার নয়।"
এতে আরো বলা হয়, "আমরা আরব দেশগুলোর সরকারকে তাদের নাগরিকদের রক্তক্ষয় থেকে রেহাই দিয়ে অবিলম্বে শক্তি প্রয়োগ করে বিক্ষোভ দমনাভিযান বন্ধ করা এবং সংস্কার কাজ ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।"
আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আগামী মাসে কায়রোয় সংঘাতবিক্ষুব্ধ পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। তবে এর কোনো নির্দিষ্ট দিন উল্লেখ করা হয়নি। তবে মিশরের বার্তা সংস্থা মেনা জানিয়েছে বৈঠকটি ৮ মে অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩৪ ঘ.
bdnews24