২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় ৫শ' বিক্ষোভকারী গ্রেপ্তারদেরায় সেনাবাহিনীর ট্যাংক অভিযানে নিহত ২০

সিরিয়ার দেরায় সোমবার বিক্ষোভ দমনে সেনাবাহিনীর ট্যাংক অভিযানে অন্ততপক্ষে ২০ জন মানুষ নিহত হয়েছে বলে একটি স্বাধীন সংস্থা দাবি করেছে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৫শ' বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 08:23 AM

Updated : 24 Aug 2022, 02:57 PM

আম্মান, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার দেরায় সোমবার বিক্ষোভ দমনে সেনাবাহিনীর ট্যাংক অভিযানে অন্ততপক্ষে ২০ জন মানুষ নিহত হয়েছে বলে একটি স্বাধীন সংস্থা দাবি করেছে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৫শ' বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা গেছে। সিরিয়ার অধিকার সংস্থা সাওসিয়া মঙ্গলবার জানায়, বিভিন্ন সূত্র থেকে তারা জানতে পেরেছে সোমবার দেরায় সেনাবাহিনী ট্যাংক নিয়ে অভিযান চালানোর সময় অন্ততপক্ষে ২০ জন নিহত হয়েছে। কিন্তু নিহতদের নাম-ঠিকানা তারা এখনো সংগ্রহ করতে পারেনি বলে জানায়। "প্রত্যক্ষদর্শীরা কোনো রকমে আমাদের জানাতে পেরেছেন, দেরায় কমপক্ষে ২০ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন, কিন্তু আমরা তাদের নাম জানতে পারিনি বা সংবাদটির সত্যতাও যাচাই করতে পারিনি", বলেন সাওসিয়ার এক কর্মকর্তা। তবে দামেস্কর উপশহর দৌমাতে ২ জন সাধারণ নাগরিক নিহত হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। সেনারা মঙ্গলবার ভোরে শহরটিতে প্রবেশ করেছিল। সিরিয়ার অন্যান্য এলাকা থেকে কমপক্ষে ৫শ' জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। সিরিয়ায় বিক্ষোভ দমনে সোমবার দেরা শহরে ট্যাংক মোতায়েন করে সরকার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দেরার বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, 'জনগণের দাবির বিপরীতে বর্বরোচিত প্রতিক্রিয়ায়' দেরায় ট্যাংক থেকে নিক্ষিপ্ত গোলার আঘাতে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিচালক ম্যালকম স্মার্ট বলেন, নিজ দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে ট্যাংক থেকে গোলা বর্ষণ করে সিরিয়ার সরকার প্রমাণ করল, যে কোনো মূল্যেই, তাতে যতো সিরিয়ান নাগরিকেরই মৃত্যু হোক না কেন, তারা জনগণের শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে বদ্ধপরিকর। সরকারি বাহিনী সোমবার দামেস্কর উপশহর দৌমা ও মৌয়াধামিয়ায়ও তা-ব চালায়, গুলিবর্ষণ করে ও অনেককে গ্রেপ্তার করে। এর একদিন আগে রোববার সরকারি বাহিনী উপকূলীয় শহর জাবালে অভিযান চালিয়ে ১৩ জনকে হত্যা করে। কূটনৈতিকরা জানিয়েছে, দেরায় নিহতের সংখ্যা ৫০ জনের মত হবে এবং মৌয়াধামিয়ায় ১২জনের মত। বর্তমান প্রেসিডেন্ট বাশারের বাবা হাফেজ আল-আসাদ ক্ষমতায় থাকাকালীন ১৯৮২ সালে সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ হয়েছিল। হামা শহরের ওই বিক্ষোভ নৃশংসভাবে দমন করা হয়েছিল। ওই দমনাভিযানে প্রাণ হারিয়েছিল ৩০ হাজার মানুষ। সিরীয় সরকারের বিক্ষোভ দমনের এই পদক্ষেপকে হোয়াইট হাউজ 'সাধারণ জনতার ওপর বর্বরোচিত সহিংসতা' বলে বর্ণনা করে একে 'অগ্রহণযোগ্য পদক্ষেপ' বলে মন্তব্য করেছে। ঘটনার প্রতিক্রিয়ায় যুৃক্তরাষ্ট্র সিরিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক অবরোধের আওতা বাড়ানোর বিষয়টি পর্যালোচনা করছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরাতেই গত ১৮ মার্চ সরকারবিরোধী বিক্ষোভের সূচনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪১৭ ঘ.