২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে সুনামিতে বেহাল দশা টয়োটায়

জাপানে ঘটে যাওয়া ভূমিকম্প, সুনামিতে বেহাল দশায় পড়েছে বিশ্বের সবচেয়ে বড় গাড়ি নির্মাণ কোম্পানি টয়োটার ব্যবসা। জাপানে এ কোম্পানির উৎপাদন মার্চেই কমে গেছে ৬৩ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2011, 01:14 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

জাপান, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- জাপানে ঘটে যাওয়া ভূমিকম্প, সুনামিতে বেহাল দশায় পড়েছে বিশ্বের সবচেয়ে বড় গাড়ি নির্মাণ কোম্পানি টয়োটার ব্যবসা। জাপানে এ কোম্পানির উৎপাদন মার্চেই কমে গেছে ৬৩ শতাংশ। গত বছর একই সময়ের তুলনায় টয়োটায় গাড়ি উৎপাদনে এ ধস নেমেছে, এমনকি এখনো তা নিুমুখী। ভূমিকম্প এবং পরমাণু সঙ্কটের কারণে গাড়ি বিক্রি কমে যাওয়ার পাশপাশি যন্ত্রাংশের অভাবে উৎপাদন কমেছে। এ যাবৎকালের মধ্যে ১১ মার্চে সুনামির পরই সবচেয়ে কম গাড়ি উৎপাদন করার কথা জানিয়েছে টয়োটা। ফলে বিশ্বে গাড়ি নির্মাণ কোম্পানিগুলোর শীর্ষে থাকা টয়োটা র‌্যাঙ্কিংয়ে ৩ নম্বরে নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচেছ। এশিয়ার কারখানাগুলোতেও উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে টয়োটা। থাইল্যান্ড এবং ভারতসহ এশিয়ার ৮টি দেশের কারখানায় ২৫ এপ্রিল থেকে ৪ জুন পর্যন্ত মাত্র ৫০ শতাংশ উৎপাদন কাজ চলবে বলে জানিয়েছে তারা। তারা এও জানায়, এ সময় কারখানাগুলোতে এক সপ্তাহের মধ্যে কাজ হবে মাত্র ৩ দিন। চীনে টয়োটা কারখানায় ইতোমধ্যেই ৩ জুন পর্যন্ত ৩০ থেকে ৫০ শতাংশ কাজ চালানোর ঘোষণা দেওয়া হয়েছে। টয়োটায় উৎপাদন কমে যাওয়ায় তা বিশ্বে গাড়ির বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে টয়োটা বলেছে, এ বছর শেষ নাগাদ তাদের উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। টয়োটা ছাড়া জাপানের অন্য আরেকটি গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানেও উৎপাদন কমেছে। নিশান মটরস গত বছরের তুলনায় এ বছর তাদের উৎপাদন ৫২ শতাংশ কমে গেছে বলে জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০৮ ঘ.