কান্দাহার, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- আফগানিস্তানের কান্দাহারে কারাগারে সোমবার সুড়ঙ্গ খুঁড়ে পালিয়েছে তালেবান কমান্ডাররাসহ প্রায় ৫০০ বন্দি। জেলের দক্ষিণে তালেবান জঙ্গিরা কয়েকশ মিটার লম্বা সুড়ঙ্গ খূঁড়ে বন্দিদের পালাতে সহায়তা করেছে।
পালিয়ে যাওয়া বন্দিদের প্রায় ১শ জনই তালেবান কমান্ডার। আর অন্যান্যদের বেশির ভাগই তালেবান যোদ্ধা।
কান্দাহার প্রদেশের গভর্নর তুরইয়ালাই ওয়েসা বলেন, নিরাপত্তা বাহিনীর গাফিলতির কারণে মোট ৪৭৮ জন বন্দি জেল থেকে পালিয়েছে। কারাগারের কাছের একটি বাড়ি থেকে সুড়ঙ্গ পথটি শুরু হয়েছে বলে জানান তিনি।
জেলের মহাপরিচালক গোলাম দস্তগীর মায়ার এই সুড়ঙ্গ খোঁড়ার খবর নিশ্চিত করে বলেন, রোববার রাতে এ পথে ৪৭৬ জন রাজবন্দি পালিয়ে গেছে।
ওদিকে, তালেবানরা কয়েক মাস ধরে তৈরি করা ওই সুড়ঙ্গ পথে ৫৪১ জন বন্দিকে মুক্ত করা হয়েছে বলে দাবি করেছে এক বিবৃতিতে।
বিবৃতিতে বলা হয়, "মুজাহিদীনরা জেলের দক্ষিণ দিক থেকে ৩২০ মিটার লম্বা সুড়ঙ্গ খুড়েছে। পাঁচ মাস ধরে খোঁড়া হয় এ সুড়ঙ্গ।"
পালানোর প্রক্রিয়া চলে কয়েক ঘন্টা ধরে। রোববার রাতে সুড়ঙ্গ খোঁড়া শেষ হওয়ার পর থেকে শুরু হয় পলায়ন। চলে সোমবার ভোর পর্যন্ত।
গত তিন বছরে আফগানিস্তানে কারাগার থেকে পালানোর এটি ২য় বৃহত্তম ঘটনা। এর আগে ২০০৮ সালে তালেবান জঙ্গিরা বোমা মেরে কারাগারের প্রধান ফটক উড়িয়ে দিয়ে প্রায় ১ হাজার বন্দিকে মুক্ত করেছিলো।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৪৫ ঘ.
bdnews24