২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফির প্রাসাদ প্রাঙ্গণে ন্যাটোর ক্ষেপণাস্ত্র হামলা

ন্যাটোর ক্ষেপণাস্ত্র হামলায় ত্রিপোলিতে গাদ্দাফির প্রাসাদ প্রাঙ্গণের একটি ভবন বিধ্বস্ত হয়েছে। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2011, 07:40 AM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ত্রিপোলি, এপ্রিল ২৫ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ন্যাটোর ক্ষেপণাস্ত্র হামলায় ত্রিপোলিতে গাদ্দাফির প্রাসাদ প্রাঙ্গণের একটি ভবন বিধ্বস্ত হয়েছে। গাদ্দাফিকে হত্যার উদ্দেশ্যেই সোমবার ভোরে এই হামলা চালানো হয়েছে বলে লিবীয় কর্মকর্তারা দাবি করেছেন। কমপক্ষে দুটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ত্রিপোলিতে গাদ্দাফির বাব আল-আজিজিয়াহ প্রসাদ প্রাঙ্গণে একটি ভবনের ওপর আঘাত হানে বলে জানা গেছে। এ ঘটনার কয়েক ঘণ্টা পর বিদেশি সংবাদকর্মীরা সেখানে উপস্থিত হন। এ সময় অগ্নিনির্বাপনকর্মীরা বিধ্বস্ত ভবনের একাংশের আগুন নেভানোর চেষ্টা করছিলেন। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানিয়েছে, ওই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ৪৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। এ ছাড়া কয়েকজন নিখোঁজও রয়েছে বলে জানিয়েছে ওই সূত্র। এর আগেও গাদ্দাফির বাব আল-আজিজিয়া প্রসাদ প্রাঙ্গণে হামলা হয়। তবে ত্রিপোলিতে চালানো যে কোন হামলার চেয়ে সোমবার ভোরের ওই হামলার তীব্রতা ছিল অনেক বেশি। বিবিসির ত্রিপোলি সংবাদদাতা ইয়ান পানেল জানিয়েছেন, কিছুদিন আগে আফ্রিকান ইউনিয়নের শান্তি মিশন নিয়ে লিবিয়া পরিদর্শনে আসা নেতাদের যে ভবনে রাখা হয়েছিল, বিধ্বস্ত ভবনটি সেটিই বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স জানিয়েছে, গাদ্দাফি ক্ষমতা ছাড়া না পর্যন্ত তারা লিবিয়ায় গাদ্দাফির অনুগত বাহিনীর অবস্থানগুলোতে হামলা চালিয়ে যাবে। এদিকে, রোববার গাদ্দাফি অনুগত বাহিনী মিসরাতার বিভিন্ন এলাকায় বোমা হামলা চালায়। এর আগে গাদ্দাফি সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী খালেদ কাইম জানিয়েছিলেন, বিদ্রোহীদের সঙ্গে স্থানীয় আদিবাসী নেতাদের সমঝোতা আলোচনার সুযোগ দিতে মিসরাতায় হামলা বন্ধ রেখেছে গাদ্দাফির অনুগত বাহিনী। শনিবার কাইম জানান, মিসরাতার আশেপাশের আদিবাসী গোত্র প্রধানরা জানিয়েছেন, সরকারি বাহিনী বিদ্রোহীদের পরাজিত করতে না পারলে তাদের যোদ্ধারা বিদ্রোহীদের বিরুদ্ধে লড়বে। তিনি বলেন, দু'মাস ধরে চলমান সংঘর্ষে মিসরাতায় মানবিক বিপর্যয় দেখা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আদিবাসী নেতারা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি, মিসরাতায় দু'পক্ষের সংঘর্ষে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৩৩ ঘ.