২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ সুদানে সেনা-মিলিশিয়া সংঘর্ষে নিহত ৫৫

দক্ষিণ সুদানে সেনাবাহিনী এবং বিদ্রোহী মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষে অন্ততপক্ষে ৫৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বহুসংখ্যক সেনা ও বেসামরিক নাগরিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 03:00 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

সুদান, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দক্ষিণ সুদানে সেনাবাহিনী এবং বিদ্রোহী মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষে অন্ততপক্ষে ৫৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বহুসংখ্যক সেনা ও বেসামরিক নাগরিক। রোববার এ খবর দিয়েছেন উপের নিল রাজ্যের তথ্যমন্ত্রী পিটার ল্যাম বোথ। শনিবার জংলেই রাজ্যের সীমান্ত এলাকায় মালাকাল এলাকার দক্ষিণে সুদান পিপলস লিবারেশন আর্মি (এসপিএলএ)র সঙ্গে পক্ষত্যাগী সেনা কমান্ডার গ্যাব্রিয়েল ট্যাং এর অনুগত বাহিনীর মধ্যে এ সংঘর্ষ হয়। বোথ রয়টার্সকে জানান, "গ্যাব্রিয়েল ট্যাং এর ৫ জেনারেলসহ তার পক্ষের অন্তত ৫৫ জন নিহত হয়েছে।" কিন্তু এসপিএলএ এবং বেসামরিক নাগরিকদের কেউ মারা পড়েছে কিনা তা তিনি জানাতে পারেন নি। তবে তিনি বলেন, নিহতের মোট সংখ্যা আরো বেশি হতে পারে। এসপিএলএ এর ৩৪ জন আহত সেনা এবং ৪৩ জন বেসামরিক নাগরিককে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি। জুলাইয়ে দক্ষিণ সুদানের স্বাধীনতার আগ দিয়ে এটি সর্বসাম্প্রতিক সহিংসতার ঘটনা। উত্তর থেকে আলাদা হওয়ার প্রশ্নে দক্ষিণ সুদানে জানুয়ারিতে গেণভোট হয়েছে। ঐতিহাসিক ওই ভোটের পর থেকেই দক্ষিণ সুদান সহিংসতায় অশান্ত হয়ে আছে। জাতিসংঘের হিসাবমতে, জানুয়ারি থেকে এ পর্যন্ত দক্ষিণ সুদানে লড়াইয়ে ৮ শরও বেশি মানুষ নিহত হয়েছে। গৃহহীন হয়েছে আরো অসংখ্য মানুষ। সঙ্কট সামাল দেওয়া না গেলে দক্ষিণ সুদান অস্থিতিশীল হয়ে উঠে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশ্লেষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৬ ঘ.