ত্রিপোলি, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় বিদ্রোহী বাহিনী নিয়ন্ত্রিত একমাত্র পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতায় হামলা বন্ধ রেখেছে গাদ্দাফির অনুগত বাহিনী।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহীদের সঙ্গে স্থানীয় আদিবাসী নেতাদের সমঝোতা আলোচনার সুযোগ দিতে মিসরাতায় হামলা বন্ধ রেখেছে গাদ্দাফির অনুগত বাহিনী।
বার্তা সংস্থা রয়টার্স বলেছে, মিসরাতা থেকে গাদ্দাফির অনুগত বাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। কিন্তু লিবিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী খালেদ কাইমের বরাত দিয়ে বিবিসি জানায়, মিসরাতা থেকে সরকারি বাহিনী প্রত্যাহার করা হয়নি।
বিবিসি জানিয়েছে, রোববার সকালে মিসরাতায় গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার সেখানে দুপক্ষের লড়াইয়ে অন্তত ২৪ জন নিহত হয়।
শনিবার কাইম জানান, মিসরাতার আশেপাশের আদিবাসী গোত্র প্রধানরা বলেন, সরকারি বাহিনী বিদ্রোহীদের পরাজিত করতে না পারলে তাদের যোদ্ধারা বিদ্রোহীদের বিরুদ্ধে লড়বে।
তিনি বলেন, দু'মাস ধরে চলমান সংঘর্ষে মিসরাতায় মানবিক বিপর্যয় দেখা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আদিবাসী নেতারা।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, মিসরাতায় দু'পক্ষের সংঘর্ষে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
মধ্য ফেব্র"য়ারিতে লিবিয়ার চার দশকের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতার প্রতিবাদে মিসরাতাসহ পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে নিয়োজিত সেনাবাহিনী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে।
তখন থেকে মিসরাতার নিয়ন্ত্রণ ফিরে পেতে সেখানে অভিযান চালিয়ে আসছিলো গাদ্দাফির অনুগত বাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/এএমটি/১৫২৭ ঘ.
bdnews24