ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের আধ্যাত্মিক গুরু সত্য সাঁই বাবা (৮৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
চিকিৎসকরা বলছেন, হৃদরোগের কারণে মারা গেছেন তিনি।
রোববার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কিডনি ও শ্বাসযন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়ে গতমাসে অন্ধপ্রদেশের অনন্তপুর জেলার পুত্তাপার্থি শহরের একটি হাসপতালে ভর্তি হয়েছিলেন সাঁই। পুত্তাপার্থিতেই ছিলো গুরুর আশ্রম।
বলিউড তারকা ও ভারতের শীর্ষ পর্যায়ের রাজনীতিকরাসহ বিশ্বব্যাপী কোটি ভক্ত রয়েছে তার। ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ি ও ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারও ছিলেন সাঁই বাবার ভক্তদের তালিকায়।
অনেক ভক্তের বিশ্বাস ছিলো, অলৌকিক ক্ষমতা সম্পন্ন সাঁই বাবা ছিলেন জীবিত ঈশ্বর।
হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, অন্ত্যেষ্টিক্রিয়ার আগে সোমবার ও মঙ্গলবার বাবার মরদেহ ভক্তদের দেখতে দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৪৩৭ ঘ.
bdnews24