লস এঞ্জেলেস, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আইন লঙ্ঘণের দায়ে মার্কিন অভিনেত্রী লিন্ডসে লোহানকে ১২০ দিন কারাভোগের আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ৪৮০ ঘণ্টা সমাজসেবামূলক কাজের নির্দেশও দেওয়া হয়েছে।
২০০৭ সালে মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে দেওয়া সাজা লঙ্ঘনের অভিযোগে শুক্রবার এ রায় ঘোষণা করেছে লস এঞ্জেলেসের একটি আদালত।
চলতি বছরের জানুয়ারি মাসে ক্যালিফোর্নিয়ার একটি জুয়েলারির দোকান থেকে ২ হাজার ৫০০ ডলার মূল্যের গলার হার চুরির অভিযোগ থেকে আইন ভঙ্গের বিষয়টি উঠে আসে। গহনা চুরির উপযুক্ত প্রমাণ উপস্থাপনের পরই বিচারক স্টিফানি সাওতনার এ আদেশ দেন।
সাওতনার জানান, গহনাটি খোঁজার জন্য পুলিশের কাছে ওয়ারেন্ট রয়েছে- এ খবর জানার পরই লোহান সেটি ফেরত দেন।
লস এঞ্জেলেস টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, লস এঞ্জেলেসের মর্গ ও একটি নারী কেন্দ্র্রে লোহানকে (২৪) সমাজ সেবামূলক কাজ করতে হবে।
২০০৭ সালে মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ড্রাগ টেস্টের জন্য আদালতের দেওয়া নির্দেশ অমান্য করায় গত বছরের সেপ্টেম্বরে লোহানকে কারাদণ্ড দেওয়া হয়। এরপর অক্টোবর মাসে আড়াই মাস পুনর্বাসন কেন্দ্রে থাকার নির্দেশ দেয় আদালত।
জানুয়ারি মাসে পুনর্বাসন কেন্দ্র থেকে মুক্ত হওয়ার পর ক্যালিফোর্নিয়ায় জুয়েলারি দোকানের বাইরে গলার হারসহ তাকে দেখা যায় বলে অভিযোগ রয়েছে।
তবে এ অভিযোগ অস্বীকার করে লোহান জানান, জুয়েলারি দোকান তাকে এ হারটি ধার হিসেবে দিয়েছিল।
আদালতের রায়ের বিরুদ্ধে লোহানের আইনজীবী আপিল করবেন বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৩৪ ঘ.
bdnews24