২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় বিক্ষোভে গুলি, নিহত ৭০

সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৭০ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2011, 05:59 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৭০ জন নিহত হয়েছে। বার্তা সংস্থাগুলো বলছে, মার্চের মাঝামাঝি থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় শুক্রবারই একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছে। আগেরদিন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশে ৪৮ বছর পর জরুরি অবস্থা প্রত্যাহার করলেও গণতন্ত্রের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ করে জনতা। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, 'মহান শুক্রবার' নামে এদিন বিক্ষোভকারীরা রাজপথে নামলে নিরাপত্তা বাহিনী গুলি ছোড়ে এবং কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে। সারাদেশে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় নিহত ৭০ জনের নামের একটি তালিকা প্রকাশ করেছে বিক্ষোভকারীরা। তালিকা অনুযায়ী দক্ষিণাঞ্চলীয় শহর দারার নিকটবর্তী ইজরায় ১৫ জন নিহত হয়েছে। রাজধানী দামেস্কে নিহত হয়েছে এক বিক্ষোভকারী। এখানে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ছোড়ে নিরাপত্তা বাহিনী। রাজধানীতে বিক্ষোভে সহিংসতায় নিহতের ঘটনা এটাই প্রথম। এছাড়া দামেস্কর উপশহর দোউমা, হোমস, দারা এবং অন্যান্য শহরেও নিরাপত্তা বাহিনীর সহিংসতায় হতাহতের ঘটনা ঘটেছে। বিবিসি জানিয়েছে, সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বলেছে, বিক্ষোভকারী ও সাধারণ মানুষের সংঘর্ষ ঠেকাতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করলে কয়েকজন আহত হয়েছে। ইজরায় গ্রাম্য মেয়রের দপ্তর অভিমুখে বিক্ষোভকারীরা যাত্রা করলে নিরাপত্তা বাহিনী গুলি ছোড়ে। এক প্রত্যক্ষদর্শী বলেন, "বিক্ষোভে বৃষ্টির মতো গুলি ছোড়া হয়।" ইজরায় নিহতদের মধ্যে ১১ বছরের এক বালক রয়েছে। দোউমার এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, পায়ে গুলিবিদ্ধ তিনজনকে হাসপতালে নিতে সহায়তা করেছেন তিনি। নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে হোমস শহরের এক অধিবাসী টেলিফোনে বিবিসিকে বলেন, বিক্ষোভে গুলি ছুড়ছে নিরাপত্তা বাহিনী। ক্ষমতাসীন বাথ পার্টির বিরুদ্ধে ১৮ মার্চ দেরায় প্রথম বিক্ষোভ হয়। বিক্ষোভে নিরাপত্তা বাহিনী সহিংসতা চালালে সারাদেশে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। ১৯৬৩ সাল থেকে বাথ পার্টির নেতারা সিরিয়ার রাষ্ট্রক্ষমতায় রয়েছে। ৩০ বছর রাষ্ট্রপ্রধান থাকার পর ২০০০ সালে হাফেজ আল-আসাদ মারা গেলে ক্ষমতায় বসেন তার ছেলে বাশার আল-আসাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২৩৪৮ ঘ.