২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় নতুন করে বিক্ষোভ, গুলিতে নিহত ২৫

সিরিয়ায় শুক্রবার নতুন করে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2011, 12:27 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

আম্মান, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিরিয়ায় শুক্রবার নতুন করে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার কর্মীরা। দামেস্কর আশেপাশের শহরগুলোতে, হোমস শহরে এবং দক্ষিণাঞ্চলীয় ইজরা শহরে এ নিহতের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠিত দুটি মানবাধিকার সংগঠন রয়টার্সকে নিহতের এ সংখ্যা জানিয়েছে। শুক্রবার দেশজুড়ে বিক্ষোভে কয়েকটি শহরে বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়ে নিরাপত্তা বাহিনী। হামা শহরে ক্ষমতাসীন বাথ পার্টির সদরদপ্তর অভিমুখে গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের মিছিল ঠেকাতে গুলি ছুড়ে নিরাপত্তা বাহিনী। গুলি চলেছে দামেস্কর বারজেহ জেলা, হোমস শহর এবং দামেস্কর শহরতলী দোউমাতে। দেরা শহর অভিমুখী বিক্ষোভকারীদের ওপরও গুলির খবর পাওয়া গেছে। হামা শহরে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। বানিয়াস শহর থেকে পূর্বাঞ্চলীয় দেইর আল জোর এবং কামিশলি শহর পর্যন্ত ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। প্রেসিডেন্ট বাশার আল আসাদ বৃহস্পতিবার জরুরি অবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত জানানোর পরও সিরিয়ার শহরে শহরে নতুন করে এ বিক্ষোভ-সংঘর্ষ শুরু হয়েছে। আসাদের পতনের দাবিতে বিক্ষোভ চলছে। শুক্রবার আরো বিক্ষোভের আশঙ্কায় আগে থেকেই হোমস শহরে সেনাবাহিনী মোতায়েন করেছিলো সরকার। দামেস্কজুড়ে বসানো হয়েছিলো তল্লাশিকেন্দ্র। কিন্তু সব বাধা উপেক্ষা করে রাস্তায় নামে বিক্ষোভকারীরা। দেরায় শুক্রবার জুমার নামাজের পরই আসাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ করে কয়েক হাজার মানুষ। বিক্ষোভ ঠেকাতে টিয়ারগ্যাস ছুড়ে নিরাপত্তা বাহিনী। ওদিকে, দামেস্কর মিদান জেলায় ২ হাজার মানুষের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ছোড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৪ ঘ.